২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১২ পুলিশ নিহত

কাবুলে মঙ্গলবার একটি বাসে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ আফগান পুলিশ নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এবং নিহতদের মধ্যে পুলিশ ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শনিবার রাজধানী কাবুলে একই ধরনের হামলায় ২৮ আফগান সেনা এবং দুইজন বেসামরিক লোক নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আমাদের পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ১২ পুলিশ নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

কাবুল, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাবুলে মঙ্গলবার একটি বাসে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ আফগান পুলিশ নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এবং নিহতদের মধ্যে পুলিশ ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শনিবার রাজধানী কাবুলে একই ধরনের হামলায় ২৮ আফগান সেনা এবং দুইজন বেসামরিক লোক নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আমাদের পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ১২ পুলিশ নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছেন। এদিকে, আফগান সরকার এবং আফগানিস্তানে মোতায়েন বিদেশী সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত তালেবানদের এক মুখপাত্র এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। কাবুলের পশ্চিমাঞ্চলীয় শহরতলীর একটি বাজার এলাকার এক সরু রাস্তায় সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতী হামলাটি চালানো হয়। বিস্ফোরণে বাসটির ছাদ উড়ে যায় এবং আশপাশের দোকানপাটের জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। নিহতদের দেহাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে নারীও রয়েছে এবং তিনি কয়েকটি শিশুর লাশও উদ্ধার করেছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন আফগান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ আমিন ফাতেমি। হামলাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "তারা জানোয়ার। মানবতার জন্য তাদের কোনো শ্রদ্ধা নেই।" তিনি বলেন "আরও হামলা হতে পারে বলে আমরা আশঙ্কা করতে পারি।" বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সগুলো পুলিশ ঘিরে রেখেছিল। আজমল শিনবারি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, "রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আমি বিশাল একটি বিস্ফোরণ দেখতে পাই। আমি দেখলাম বাসটিতে প্রায় ২০ থেকে ২৫টি লাশ পড়ে আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০৯ ঘ.