২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রমজানে সহিংসতা কমেছে ৪০ শতাংশ

ইরাকে রমজান মাসে সহিংসতা গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। মার্কিন সেনাবাহিনী রোববার এ দাবি করেছে। মুসলামানদের পবিত্র এই রমজান মাসে আল-কায়েদার হামলা জোরদারের হুঁশিয়ারির পরও মার্কিন বহিনী সহিংসতার মাত্রা কমে আসার এই দাবি করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

বাগদাদ, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে রমজান মাসে সহিংসতা গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। মার্কিন সেনাবাহিনী রোববার এ দাবি করেছে। মুসলামানদের পবিত্র এই রমজান মাসে আল-কায়েদার হামলা জোরদারের হুঁশিয়ারির পরও মার্কিন বহিনী সহিংসতার মাত্রা কমে আসার এই দাবি করল। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল মার্ক ফক্স বলেছেন, এ বছর ইরাকে ৩০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন এবং বড় বড় ঘাঁটির পরিবর্তে সেনাদের ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন ফাঁড়িতে পাঠানোয় সহিংসতার মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে। এক সংবাদ সম্মেলনে ফক্স বলেন, "গত বছরের তুলনায় সহিংসতার মাত্রা নিম্ন পর্যায়ে রয়েছে। অর্থাৎ, গত বছরের রমজান মাসের তুলনায় এ বছর রমজানে সহিংসতা কমে এসেছে। এই হার প্রায় ৩৮ শতাংশ।" তবে তিনি এও বলেন, যে, "সহিংসতার সামগ্রিক হার এখনও অনেক বেশি।" ইরাকে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পর থেকে সহিংসতা কমে আসার প্রমাণ দিয়ে ইরাকের মার্কিন দূতাবাস কড়া ভাষার একটি বিবৃতি দিয়েছে। সুন্নি আরব, শিয়া এবং কুর্দিদের জন্য আলাদা ফেডারেল অঞ্চলের আহ্বান সম্বলিত একটি মার্কিন সিনেট প্রস্তাবনার সমালোচনাও করা হয়েছে এতে। দূতাবাস বলেছে, "ইরাকের লোকজনকে ভয় দেখিয়ে, জোর করে কিংবা অন্য কোনো উপায়ে তিনটি আলাদা অঞ্চলে বিভক্ত করার চেষ্টা কেবল ইরাকে জনগণের ভোগান্তি এবং রক্তক্ষয়ই কেবল বাড়াবে।" বিবৃতিতে বলা হয়, "আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি গণতান্ত্রিক এবং ফেডারেল ইরাক গড়ে তোলা যে ইরাক নিজেকে শাসন করতে, রক্ষা করতে পারবে এবং টিকে থাকতে সক্ষম হবে।" মার্কিন সিনেট বুধবার ইরাকে ফেডারেল সরকার ব্যবস্থা এবং ফেডারেল অঞ্চল চালু করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবনা পেশ করেছে। কিন্তু এ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইরাক সরকার ও অন্যান্য সমালোচকরা। তারা এ পরিকল্পনাকে ইরাককে ভাগ করার চেষ্টা হিসাবেই দেখছেন। তবে ইরাকের ২০০৫ সালের সংবিধানে ফেডারেল রাষ্ট্র কাঠামো চালুর বিধান আছে। উত্তরাঞ্চলের কুর্দিস্তান এলাকা ইতোমধ্যেই স্বায়ত্ত্বশাসন ভোগ করছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিয়া এবং সংক্যালঘু সুন্নি আরবরা বৃহত্তর ফেডারেল ব্যবস্থাকে দেশকে বিভক্ত করার চেষ্টা হিসাবে গণ্য করে এর বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ঘ.