কিতসিয়ত, ইসরায়েল, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতকে শক্তিশালী করতে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। ৮৭ বন্দি মুক্তির প্রতিশ্র"তি দেওয়ার পর ইসরায়েল এ প্রক্রিয়া শুরু করল। (আরও তথ্যসহ)
আব্বাসের ফাতাহ এবং ছোট কয়েকটি স্বতন্ত্র সংগঠনের সদস্য প্রায় ৫৭ জন বন্দিকে ইতোমধ্যেই কিতসিয়তের কারাগার থেকে বের করে বাসে ওঠানো হয়েছে। তাদের নিয়ে বাসগুলো পশ্চিম তীরে রওনা হচ্ছে। আরও ২৯ জন বন্দিকে গাজায় ফেরত পাঠানোর কথা ছিল ইসরায়েলের। কিন্তু ইসরায়েল তাদেরকে পুনরায় কারাগারে নিয়ে গেছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
বিস্তারিত না জানিয়ে ইসরায়েলি সরকারের এক কর্মকর্তা বলেন, "কৌশলগত কারণে দেরকে মুক্তি দিতে দেরী হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, প্রেসিডেন্ট তাদেরকে যথাসময়ে ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত দেননি।"
বন্দিমুক্তির বিষয়টি ফিলিস্তিনিদের কাছে খুবই হৃদয়াগ্রাহী ব্যাপার। ইসরায়েলের কারাগারে বন্দি প্রায় ১১ হাজার ফিলিস্তিনিকে তারা বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে যোদ্ধা মনে করে। অপরদিকে, অনেক ইসরায়েলি মনে করে, এ ধরনের ক্ষমার ফলে বেড়ে যেতে পারে ফিলিস্তিনি সহিংসতা।
ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলাগুলোর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গত সপ্তায় বলেন, "যাদের হাতে রক্ত নেই" এবং সহিংসতার নিন্দা জানানো সংক্রান্ত একটি দলিলে যারা স্বাক্ষর করতে ইচ্ছুক কেবল তাদেরই মুক্তি দেওয়া হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের অফিস পরিকল্পিত বন্দি মুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে বলেছে, ইস্যুটিতে আরও অনেক কিছু করতে হবে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২০ জুলাই প্রায় আড়াইশ' ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। তাদের অধিকাংশই ছিল ফাতাহ সদস্য।
ইসরায়েল এবার শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছিল। এ বিষয়ে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর বেঁধে দেওয়া শর্ত পূরণ করেনি কয়েকজন বন্দি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24