লন্ডন, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়াশিংটন তাদের সেনা প্রত্যাহারের একটা সময়সীমা নির্ধারণ করলে ইরান তার প্রতিবেশী দেশ ইরাকের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে। ইরানের প্রধান পরমাণু আলোচক আলি লারিজানি এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় সোমবার ওই সাক্ষাৎকার ছাপা হয়।
আলি লারিজানি বলেছেন, "সময়সীমার ব্যাপারে তাদের (আমেরিকানদের) পরিষ্কার ব্যাখ্যা থাকলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা তাদের সাহায্য করব।"
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাধারণ সম্পাদক লারিজানি আরও বলেন, ওয়াশিংটন ইরাকে ব্যর্থ হলে বিষয়টি বুশ প্রশাসনকে আর কোনো বিদেশি হস্তক্ষেপের বিষয়ে বিবেচনা করা থেকে নিরুৎসাহিত করবে। একইসঙ্গে ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন তিনি।
লারিজানি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার পরিণতি হবে মৌচাকের ভেতরে হাত ঢুকিয়ে দেওয়ার মতো।
পত্রিকাটিকে তিনি বলেন, ইসরায়েলকে একটি হুইলচেয়ারে দেখতে চাইলেই কেবল যুক্তরাষ্ট্রের ইরানে হামলা চালানো উচিত।
লারিজানি বলেন, ইরাক ইস্যুতে ডেমোক্রেটিক পার্টি এবং ব্রিটিশ সরকার উভয়ের কৌশলকেই আমলে নেওয়া উচিত বুশ প্রশাসনের। তিনি বলেন, সেনা প্রত্যাহারের একটি সময়সীমার বিষয়ে ডেমোক্রেটদের দাবিকে "যৌক্তিক বলে মনে হচ্ছে।"
প্রসঙ্গত, ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসরা থেকে ব্রিটেন তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং ইরাক থেকে তাদের সাড়ে পাঁচ হাজার সেনা পর্যায়ক্রমে প্রত্যাহারের বিষয়েও খসড়া সময়সীমা ঠিক করছে।
লারিজানি বলেন, ব্রিটিশরা "আমেরিকানদের চেয়ে বেশি বিচক্ষণ" ছিল এবং তারা তাদের কৌশলে "প্রয়োজনীয় সমন্বয়" করেছে।
ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্ক অবসানের লক্ষ্যে জাতিসংঘের আণবিক সংস্থাকে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে বলেও লারিজানি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর অবরোধ আরোপের ওপর ভোটাভুটি নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়ে শুক্রবার ছয় বিশ্বশক্তি একমত হয়েছে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং ইউরোপীয় ইউনিয়নের পরমাণু আলোচক হ্যাভিয়ার সোলানার ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা।
পশ্চিমাদের অভিযোগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অপরদিকে, ইরান সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তারা চায় জ্বালানি উৎপাদন এবং রপ্তানি বাজারের জন্য অধিক পরিমাণ তেল ও গ্যাস মজুদ করতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৬ ঘ.
bdnews24