নেপালকে একটি 'যুক্তরাষ্ট্র' হিসেবে গড়ে তোলা হবে: কৈরালা
এ বছরের পার্লামেন্ট নির্বাচনের পর নেপালকে একটি ‘যুক্তরাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা।
মাধেসিদের প্রতি প্রতিবাদ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসতে এবং আসন্ন নির্বাচনকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বুধবার তিনি একথা বলেন।
দেশের পার্লামেন্ট, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের সর্বস্তরে সঠিক প্রতিনিধিত্বের দাবিতে মাধেসি জনগোষ্ঠীর চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে সংলাপে বসার আহ্বান জানিয়ে তিনি ওই বক্তব্য রাখেন। মাধেসিদের অব্যাহত প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় নয়জনের মৃত্যু হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে কৈরালা বলেন, “জাতীয় ইতিহাসের এক যুগসন্ধিক্ষণের মধ্য দিয়ে পার হচ্ছি আমরা। তাই একটি মুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাইকেই অবদান রাখতে হবে।”
তিনি বলেন, “সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নতুন সংবিধান প্রণীত হবে তাতে নেপালকে একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থার দেশ হিসেবে গড়ে তোলা হবে।”
আসন্ন সাধারণ নির্বাচনের আগেই পার্লামেন্টের আসন বণ্টন ব্যবস্থার পুনঃবিন্যাসের প্রতিশ্র“তিও দেন তিনি।
বর্ষীয়ান এই নেতা তার ভাষণে আবেগতাড়িত কণ্ঠে জনগণের প্রতি শান্তি বজায় রাখার জন্য আকুল আবেদন জানিয়ে বলেন, “আমার বয়স ও দুর্বল শারীরিক অবস্থার কারণে এটাই হয়তো আপনাদের কাছে আমার শেষ আবেদন। এ দেশ আমাদের সবার সম্পত্তি, এখানে যেসব সমস্যা রয়েছে সংলাপে বসে আমরা দ্রুততম সময়ের মধ্যে তার সমাধান করতে পারি।”
দক্ষিণাঞ্চলীয় উর্বর সমভূমির বাসিন্দা মাধেসি জাতিসত্ত্বার মানুষেরা নেপালের মোট জনসংখ্যার প্রায় ৩০ ভাগ হলেও পার্লামেন্টের মাত্র ১৫ ভাগ আসন বরাদ্দ রয়েছে ওই অঞ্চলের জন্য।
নেপালের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত তেরাই সমভূমি দেশটির কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হলেও পাহাড়ি জনগোষ্ঠীর মানুষেরাই ঐতিহাসিকভাবে নেপালের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করে আসছে।
দীর্ঘ এক দশকের সহিংসতার পর রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সরকারের সঙ্গে শান্তিচুক্তির মধ্য দিয়ে মাওবাদীরা সরকারে যোগ দেয়। কিন্তু মাধেসিদের অধিকার আদায়ের সংগ্রামে আবারও অস্থিতিশীল হয়ে ওঠে নেপাল।
