২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সন্দেহভাজন ৮ সন্ত্রাসী গ্রেপ্তার

ব্রিটিশ পুলিশ মঙ্গলবার মধ্য ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বেশ কয়েকবার অভিযান চালিয়ে আট সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এরা এক ব্রিটিশ মুসলিম সেনাকে অপহরণ ও সম্ভবত হত্যার পরিকল্পা করছিল বলে দেশটির প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়।

তবে সরকার কিংবা পুলিশ কারো পক্ষ থেকেই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গোয়েন্দারা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী তৎপরতা চালানো, এর প্রস্তুতি গ্রহণ কিংবা সন্ত্রাসবাদে মদদদানের’ অভিযোগ আনেন।

পরে সরকার জানান, দেশজুড়ে চলা অভিযানের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করছি যে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ আজ সকালে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযানের বিষয়ে পুরোপুরি অবগত আছেন এবং তাকে নিয়মিতভাবে সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।”

“এ অভিযানের উদ্দেশ্য হলো, আমরা যে কী ধরনের বিপজ্জনক সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছি তা স্মরণ করিয়ে দেওয়া।”

অভিযানের সময় বার্মিংহামের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়ার পর নির্দিষ্ট ১২টি ঠিকানায় অভিযান চালানো হয়। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে বহু সংখ্যক মুসলমানসহ বিভিন্ন জাতির মানুষ বাস করেন।

সরকারি নীতিনির্ধারণে পরামর্শদাতা প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক চাথাম হাউসের এক সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ শেন ব্রাইটনের মতে এ ঘটনা থেকে নিশ্চিতভাবে ব্রিটেনের ওপর আল কায়েদার অনুকরণে বড় ধরনের হামলার দিকনির্দেশনা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা কোন দেশের তা জানা না গেলেও পাকিস্তান ও বার্মিংহামে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভুতদের সঙ্গে এ ধরনের ঘটনার ঐতিহাসিক যোগসূত্র আছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “এ থেকে বোঝা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত গ্র“পগুলোর কাছ থেকে ব্রিটেন অনেক বড় ঝুঁকির মধ্যে রয়েছে।”

ইউরোপের অনেক স্থানেই এ ধরনের ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের এক সূত্র জানায়, হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হতো, তবে সন্ত্রাসীরা সম্ভবত নতুন ধরনের কৌশল ব্যবহারের পরিকল্পনা করছিল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওইসব স্থানে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে পরে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক বিবৃতিতে বলা হয়।

বৃটিশ নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা সেদেশে যেকোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এর আগে ২০০৫ সালে বৃটিশ পরিবহন ব্যবস্থার ওপর এক হামলায় ৫২ জন নিহত হওয়ার পর আরো হামলার আশঙ্কায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছিল।