২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অভাবে জার্মানি সফর বাতিল করলেন পামুক

তুরষ্কের নোবল বিজয়ী ঔপন্যাসিক ওরহান পামুক তার জার্মানি সফর বাতিল করেছেন। তার জর্মন প্রকাশক আজ বুধবার গণমাধ্যমে এ খবর জানান। ব্যক্তিগত নিরাপত্তার অভাব বোধ করায় এই সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন পামুক। ওরহান পামুক ২০০৬ সালে সাহিত্যের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এ সপ্তাহের শেষে এক বই পড়া কর্মসূচীতে অংশ নিতে জার্মানির কলোন, হামবুর্গ, স্টুটগার্ট ও মিউনিখসহ বেশ কটি শহরে সফর করার কথা ছিল তার।

“যাত্রা বাতিল ঘোষণা করেছেন তিনি, এর বেশি কোন তথ্য আমাদের কাছে নেই।” জানিয়েছেন মিউনিখে পামুকের প্রকাশক হানসের প্রকাশনার মুখপাত্র। এ ব্যপারে মন্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও পামুকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির সাম্মানিক ডক্টরেট উপাধি গ্রহণের অনুষ্ঠানেও তিনি যাচ্ছেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

কোয়েলনার স্টাড্ট অ্যানজেইগার পত্রিকা জানায়, সন্ত্রাসী আক্রমণের আশংকা করছেন পামুক।

এ মাসের গোড়ার দিকে তুরষ্কের বিখ্যাত সাংবাদিক  হ্রান্ট ডিংক ইস্তাম্বুলে মৌলবাদী সন্ত্রাসীদের আক্রমণে নিহত হন। ওই হত্যার সাথে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তি পামুককেও সতর্ক থাকার জন্য হুশিয়ার করে দিয়েছেন। এ কারণেই পামুক এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পামুকের বহুল পঠিত উপন্যাস ‘মাই নেম ইজ রেড’ এবং ‘স্নো’ তে তিনি অতীত ও বর্তমান, পুর্ব ও পশ্চিম, ধর্মনিরপেক্ষতা ও ইসলাম ধর্ম এর মধ্যকার সমস্যাগুলি তুলে ধরেছেন যা কিনা উন্নয়নশীল তুরষ্কের এগিয়ে যাওয়ার পথের প্রতিবন্ধকতা। এটাই মৌলবাদীদের খেপিয়ে তুলেছে।