যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী
তার দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপনে ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী জারোস্ল কাজিনস্কি।
আগামী সপ্তাহে বৈঠকটি হবে বলে বুধবার সেদেশের সরকারি কর্মকর্তারা জানান।
পোল্যান্ড ও চেক রিপাবলিকে কয়েকশ কোটি ডলার ব্যয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য নির্মাণ করতে চায় ওয়াশিংটন। তাদের যুক্তি, ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধেই এটি স্থাপন করা প্রয়োজন।
তবে যুক্তরাষ্ট্রের এ রকম প্রস্তাবে পোল্যান্ডের ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলছে, এর ফলে পোল্যান্ড সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তাছাড়া পোল্যান্ডের জনগণও মার্কিন বুহ্য স্থাপনের বিরোধিতা করছে। বুধবার প্রকাশিত এক জরিপে এর প্রতিফলন লক্ষ করা যায়।
আর মস্কোর অভিযোগ, তার প্রতিবেশী রাষ্ট্রে এ ধরনের বুহ্য স্থাপনের মাধ্যমে রাশিয়া ও পশ্চিমের কৌশলগত ভারসাম্য নস্যাতের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
