ব্রিটেনে সন্দেহভাজন ৮ সন্ত্রাসী গ্রেপ্তার
ব্রিটিশ পুলিশ মঙ্গলবার মধ্য ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বেশ কয়েকবার অভিযান চালিয়ে আট সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
দেশটিতে চলমান বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ জানায়।
গোয়েন্দারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী তৎপরতা চালানো, এর প্রস্তুতি গ্রহণ কিংবা সন্ত্রাসবাদে মদদদানের’ অভিযোগ রয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওইসব স্থানে আমরা পুলিশের উপস্থিতি বাড়িয়েছি।”
দেশজুড়ে চলা অভিযানের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয় বলে সরকার জানায়। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বুধবার ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করছি যে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ আজ সকালে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিযানের বিষয়ে পুরোপুরি অবগত আছেন এবং তাকে নিয়মিতভাবে সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।”
“এ অভিযানের উদ্দেশ্য হলো, আমরা যে কী ধরনের বিপজ্জনক সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছি তা স্মরণ করিয়ে দেওয়া।”
ওই অভিযানের সময় বার্মিংহামের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়ার পর নির্দিষ্ট কয়েকটি ঠিকানায় অভিযান চালানো হয়। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে বহু সংখ্যক মুসলমানসহ বিভিন্ন জাতির মানুষ বাস করেন।
ব্রিটিশ নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা সেদেশে যেকোনো সময় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এর আগে ২০০৫ সালে ব্রিটিশ পরিবহন ব্যবস্থার ওপর এক হামলায় ৫২ জন নিহত হওয়ার পর আরো হামলার আশঙ্কায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছিল।
