২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মার্কিন কংগ্রেস চাইলে ইরাকে সৈন্য পাঠানো আটকে দিতে পারে'

মার্কিন কংগ্রেস চাইলে ইরাকে সৈন্য পাঠানো আটকে দিতে পারে, তাদের সে ক্ষমতা রয়েছে। এমন অভিমত যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 04:16 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সিনেট জুডিশিয়ারি কমিটির সভার আগে একটি সাব কমিটির বৈঠকে মঙ্গলবার তারা এ অভিমত প্রকাশ করেন। এর মধ্য দিয়ে ইরাক নিয়ে বুশের নতুন পরিকল্পনা কার্যত হোঁচটের মুখে পড়ল।

ইরাক ইস্যুতে প্রেসিডেন্টের সিদ্ধান্তের সাংবিধানিক এখতিয়ার নিয়ে সিনেট মোট পাঁচ জন বিশেষজ্ঞের মত চায়। এর মধ্যে চারজনই বলেন, “ইরাকে কী হবে, কী না হবে, সে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এবং পরিবর্তনের এখতিয়ার কংগ্রেসের রয়েছে।”

চার জনের মধ্যে এক জন হলেন বুশ প্রশাসনের এক সময়কার পরামর্শক। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত হোয়াইট হাউজের হয়ে কাজ করেন আইনজীবী ব্রাডফোর্ড বেরেনসন। তার মতে, “যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা সংবিধানেই কংগ্রেসকে দেওয়া রয়েছে।”    

আরেক আইনজীবী  ওয়াল্টার ডেলিঙ্গারের ভাষ্য, “কোনো স্থানে কত জন সেনা সদস্য মোতায়েন হবে, তারা কত দিন থাকবে, এ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কংগ্রেসকে দেওয়া আছে।”

তবে এ বিষয়ে বুশের পক্ষে দাঁড়িয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট টার্নার। তিনি বলেন, “যুদ্ধকালীন অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।”

সাব কমিটির চেয়ারম্যান ডেমোক্রেট সিনেটর রাশ ফিনগোল্ড পরে সাংবাদিদের বলেন, “যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা সংক্রান্ত আইনি ব্যাখ্যাগুলো আমরা জানলাম।”

ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর বিরোধিতা করে ডেমোক্রেটরা কংগ্রেসে একটি প্রস্তাব তুলতে যাচ্ছে। সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রিড জানান, আগামী সপ্তাহেই এ নিয়ে সিনেটে আলোচনা হবে।

এদিকে ইরাকে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়ে আসছেন প্রেসিডেন্ট বুশ। এর বিরোধিতায় ডেমোক্রেটদের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি তিনি এবিসি টেলিভিশনকে বলেন, “আমি বলছি না যে এটা দেশবিরোধী। তবে এটা বাড়াবাড়ি তো বটেই।”