লাদেনের শ্যালককে গুলি করে হত্যা
আফ্রিকার মালাগাসি দ্বীপপুঞ্জে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের শ্যালক জামাল খলিফাকে। সৌদি আরবের নাগরিক জামাল ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী।
তার ভাই মালেক খলিফা আল আরাবিয়া টেলিভিশনকে জানান, মঙ্গলবার রাতে ২০/৩০ জনের এক দল সন্ত্রাসী হানা দেয় মালাগাসিতে জামাল খলিফার বাসায়। তারা জামালকে গুলি চালিয়ে হত্যা করে এবং ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে মালেকের ধারণা। তবে তিনি বলেন, “ঘটনা সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি।”
ফিলিপাইনের আবু সাহাফ গ্র“পকে অর্থ যোগানোর অভিযোগ রয়েছে জামাল খলিফার বিরুদ্ধে। তবে তার ভাই সে অভিযোগ নাকচ করে বলেন, “তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি পারিবারিক সম্পর্ক সত্ত্বেও বিন লাদেনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।”
ঘটনাটি সৌদি পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
