আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে পাকিস্তান -- ন্যাটো মতৈক্য
পাকিস্তান সীমান্তবর্তী আফগান শরণার্থী শিবিরগুলো নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই দ্রুত শরণার্থীদের দেশে ফেরত পাঠানো দরকার বলে মনে করছে পাকিস্তান ও ন্যাটো।
মঙ্গলবার ব্রাসেলসে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং ন্যাটোর ২৬টি দেশের প্রতিনিধিরা শিগগিরই দেশটি থেকে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যপারে একমত হন।
আফগান শরণার্থী শিবিরগুলো নতুন নতুন চরমপন্থী সংগ্রহের কেন্দ্রস্থল- এই অভিযোগের প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্তের কথা জানালো ন্যাটো ও পাকিস্তান।
তবে ৩০ লাখ শরণার্থীকে আফগানিস্তানে সরিয়ে নেওয়া সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়িত করতে হবে বলে জানান তারা।
তারা বলেন, এর জন্য আফগানিস্তান, পাকিস্তান এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা করতে হবে।
একজন ন্যাটো কর্মকর্তা বলেন, “পাকিস্তান সীমান্তবর্তী আফগান শরণার্থী শিবিরগুলো ক্রমেই হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই এর একটা সমাধান জরুরি। তবে আবাসন, কর্ম সংস্থান ছাড়াই এ বিপুল পরিমাণ শরণার্থীকে দেশে ফেরত পাঠানো কোনো সমাধান হতে পারে না।”
