২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গণহত্যার ছোবল এখন ইউরোপ ছেড়ে আফ্রিকায়'

“দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে ইহুদি নিধনযজ্ঞ আর পরবর্তী সময়ে কম্বোডিয়ার গণহত্যা থেকেও শিক্ষা নেয়নি মানুষ। ইউরোপ ছেড়ে এখন আফ্রিকায় ছোবল বসিয়েছে গণহত্যার ভয়াল থাবা। রুয়ান্ডা আর দারফুরের হত্যাযজ্ঞ অতীতের সেই বিভীষিকারই প্রতিধ্বনি।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সবচেয়ে বড় ইহুদি নির্যাতনকেন্দ্র পোল্যান্ডের ‘অসউইজ’ এ নিপীড়নের শিকার সিমোন ভেইল এভাবেই চিহ্নিত করলেন আফ্রিকার চলমান গণহত্যাকে। ইহুদি নিধনযজ্ঞকে স্মরণ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের এক স্মরণ সভায় সোমবার একথা বলেন ফরাসী রাজনীতিবিদ ভেইল।

ভেইল হলেন সেইসব সৌভাগ্যবানদের একজন যারা অসউইজ মৃত্যুকূপ থেকে ফিরে আসতে পেরেছিলেন। 

জার্মান নাৎসিদের পরাস্থ করে সোভিয়েত বাহিনীর হাতে ‘অসউইজ’ নির্যাতনকেন্দ্র মুক্ত হওয়ার দিনটিকে পালন উপলক্ষে সাধারণ পরিষদের ওই সভার আয়োজন করা হয়।

যুদ্ধ চলাকালে মাত্র ১৭ বছর বয়সে অসউইজে নিপীড়নের শিকার হয়েছিলেন ভেইল। ফরাসী এ নারী তার সে সময়ের দুঃসহ স্মৃতি তুলে ধরে বলেন, অতীতের গণহত্যা থেকে শিক্ষা নিতে না পারা অত্যন্ত দুঃখজনক। আফ্রিকায় এখন যা চলছে তা অতীতের গণহত্যারই প্রতিধ্বনি।

ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান গিলারমান, জাতিসংঘের সহকারী মহাসচিব শশী থারুর ও বর্ষীয়ান রাজনীতিবিদ ভেইল তাদের ভাষণে ইহুদি নিধনযজ্ঞকে অস্বীকার করার সাম্প্রতিক প্রবণতার নিন্দা জানান।

ভেইল তার ভাষণে বলেন, প্রযুক্তির এ যুগে ইহুদি নিধনযজ্ঞকে অস্বীকার করে সে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করবে। বিশেষত তরুণ প্রজন্মের ওপর। কেননা, ইন্টারনেটের মাধ্যমে এসব সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে এবং তরুণদের বিভ্রান্ত করছে।