২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরার দিন ইরাকে ৪০ শিয়া নিহত

ইরাকে মঙ্গলবার পবিত্র আশুরার দিনে আত্মঘাতী হামলা, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে ৪০ শিয়া নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পুলিশ জানায়, দিয়ালা প্রদেশের মানদালি শহরের একটি শিয়া মসজিদের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন ২৩ জন। মসজিদ চত্বরে সমবেত মুসল্লিদের ভিড়ে ঢুকে ওই বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় আহত হন ৫৭ জন।

অপর ঘটনায় বাগদাদের উত্তর--পূর্বাঞ্চলীয় খানাকিন শহরে তাজিয়া মিছিল যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে ১৩ জন নিহত হন। এদের মধ্যে তিন নারী ও এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হন আরো ৩৯ ব্যক্তি।

এছাড়া, বায়ায় এক বন্দুকধারীর গুলিতে নিহত হন চারজন। আহত হন আরো ছয়জন।

আশুরার দিনে পবিত্র কারবালা নগরীতে এখন পর্যন্ত কোনো সহিংসতার কথা শোনা যায়নি। আশুরার মূল তীর্থ কারবালায় মঙ্গলবার প্রায় ২০ লাখ ধর্মানুরাগী সমবেত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

কারবালায় নিরাপত্তা রক্ষা ও শৃঙ্খলার জন্য প্রায় ১১,০০০ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। চলমান শিয়া--সুন্নি সংঘাতের কারণে এখানে উগ্র সুন্নিদের হামলার আশঙ্কা করা হচ্ছে।

তবে এখানে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হওয়াসহ ছোটখাটো দুর্ঘটনায় প্রতি বছরই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে।