২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরায় আত্মঘাতী হামলা--বিস্ফোরণে ইরাকে ২১ শিয়া নিহত

ইরাকে মঙ্গলবার পবিত্র আশুরার দিনে আত্মঘাতী হামলা রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মঙ্গলবার ২১ শিয়া নিহত হয়েছেন। দুটি ঘটনায় আরো অর্ধশত ব্যক্তি আহত হন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দিয়ালা প্রদেশের মানদালি শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন কমপক্ষে ১২ জন। মসজিদ চত্ত্বরে সমবেত মুসল্লিদের ভিড়ে ঢুকে ওই বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

অপর ঘটনায় বাগদাদের কাছে খানাকিন শহরে তাজিয়া মিছিল যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে নয়জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৩০ ব্যক্তি।

দুটি বিস্ফোরণই ঘটে ইরান সীমান্তবর্তী দিয়ালা প্রদেশে। মিশ্র জনগোষ্ঠীর এ প্রদেশটি শিয়া, সুন্নি ও কুর্দিদের আবাস রয়েছে।

আশুরার দিনে পবিত্র কারবালা নগরীতে এখন পর্যন্ত কোনো সহিংসতার কথা শোনা যায়নি। আশুরার মূল তীর্থ কারবালায় মঙ্গলবার প্রায় ২০ লাখ ধর্মানুরাগী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

কারবালায় নিরাপত্তা রক্ষা ও শৃঙ্খলার জন্য প্রায় ১১,০০০ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। চলমান শিয়া--সুন্নি সংঘাতের কারণে এখানে উগ্র সুন্নিদের হামলার আশঙ্কা করা হচ্ছে।

তবে এখানে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হওয়াসহ ছোটখাটো দুর্ঘটনায় প্রতি বছরই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে।