গাজায় হামাস--ফাতাহ সংঘর্ষে নিহত ৩
গাজায় হামাস--ফাতাহর মধ্যে পঞ্চম দিনের মতো সহিংসতা অব্যাহত থাকায় সোমবার কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
মক্কায় একটি মধ্যস্থতা বৈঠকে সৌদি প্রস্তাবে উভয়পক্ষ সম্মত হওয়ার পরও গাজায় হামাস--ফাতাহ সংঘর্ষ বন্ধ হয়নি। সর্বশেষ ঘটনায় সোমবার দুটি পৃথক বন্দুকযুদ্ধে এক হামাস মিলিশিয়া এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পুলিশ বাহিনীর এক সদস্য নিহত হন। অপর এক সংঘর্ষে প্রাণ হারান ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ। নিরাপত্তা কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে একথা জানানো হয়।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চলমান সংঘর্ষে এ নিয়ে এ পর্যন্ত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন।
হামাস ফাতাহ সংঘাত চূড়ান্ত আকার ধারণ করার প্রেক্ষিতে গত রোববার উভয় গ্র“পকে একটি সমঝোতা বৈঠকে বসার জন্য আহ্বান জানায় সৌদি আরব। কিন্তু সৌদি মধ্যস্থতায় উভয়পক্ষ সম্মতি জানালেও মক্কা বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
একটি জাতীয় সরকার গঠনে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়া এবং আব্বাসের আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকে হামাস--ফাতাহ সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
গাজার দোকানি আবু ওমরের মতোই চলমান পরিস্থিতিকে গৃহযুদ্ধ বলেই আখ্যায়িত করছেন সাধারণ জনগণ। ওমরের ভাষায়, “এ অবস্থাকে গৃহযুদ্ধ ছাড়া আর কীই বা বলতে পারি আমরা?”
এদিকে লোহিত সাগর অবকাশ কেন্দ্রে এক ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছেন। এ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ‘ইসলামিক জিহাদ’ ও ‘আল আকসা ব্রিগেড’। গত নয় মাসে ইসরায়েলে এ ধরনের হামলা এই প্রথম। এ হামলার পর পরিস্থিতি অন্য রকম মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
