২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে উত্তর কোরীয় প্রকৌশলী গ্রেপ্তার

শ্রম আইন ভাঙ্গার অভিযোগে জাপানি পুলিশ সস্ত্রীক এক উত্তর কোরীয় প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। তবে তার আগে জাপানি সংবাদমাধ্যমগুলো জানায় ওই প্রকৌশলী উত্তর কোরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সংবাদমাধ্যমে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য উচ্চতর প্রযুক্তি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একদল বিজ্ঞানীর ব্যাপারে তদন্ত করছে। অভিযুক্ত প্রকৌশলী এদের উপদেষ্টা হিসেবে কাজ করতেন।

পুলিশের এক মুখপাত্র অবশ্য এসব প্রতিবেদনের সত্য--মিথ্যে নিয়ে কোনো মন্তব্য করেননি।

জাপান পুলিশ জানায়, সো সোক--হং নামের ৭৪ বছর বয়সী ওই প্রকৌশলী এবং তার ৭২ বছর বয়সী স্ত্রী পাক চং--সান জাপানের বৈদ্যুতিক যন্ত্রপাতি কারখানাগুলোর জন্য বছর দুয়েক ধরেই অভিবাসী কোরীয় শ্রমিকদের কাজে নিচ্ছিল। ২০০৪ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এই কর্মভুক্তির কথা শ্রম অধিদপ্তরকে জানানো হয়নি।

বিজ্ঞানীদের যে দলটি নিয়ে অভিযোগ উঠেছে তারা পিয়ংইয়ংপন্থী জাপানে বসবাসকারী কোরীয় সমিতির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। তবে এ অভিযোগের বিষয়ে তাদের মন্তব্যও পাওয়া যায়নি।

সম্প্রতি জাপানের বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ, এরা উত্তর কোরিয়ায় ‘দ্বৈত ব্যবহার্য্য যন্ত্রাপাতি’ বা সাধারণ ও সামরিক দুই প্রয়োজনেই ব্যবহার করা যায় এমন উপকরণ অবৈধভাবে পাচার করছে।

২০০৬ সালের ৫ জুলাই উত্তর কোরিয়া ৭টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ও ৯ অক্টোবর পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর পর টোকিও তার প্রতিবেশীর ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। সম্পূরক পদক্ষেপের মধ্যে রয়েছে একটি উত্তর কোরীয় নৌযানের ওপর নিষেধাজ্ঞা। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, এই নৌযানটি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ পাচারে ব্যবহৃত হয়।

গত বছর নভেম্বরে জাপান বিলাসপণ্য রপ্তানি নিষিদ্ধ করে দেশটিতে। বোদ্ধারা এটাকে উত্তর কোরিয়ার অভিজাত শ্রেণীর ওপর একটা আঘাত হিসেবেই মানছেন। কারণ, সাধারণ মানুষকে বঞ্চিত করে বিলাসী জীবন যাপনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। পিয়ংইয়ঙের পরমাণু অস্ত্রের পরীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বিধিমালা জারি করে যার মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে বিলাসপণ্যের বাণিজ্য বন্ধও অন্যতম।

এ প্রসঙ্গে জাপানের সংবাদমাধ্যমে বলা হয়, টোকিও শুল্ক আইনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে উত্তর কোরিয়ায় অবৈধ চোরাচালান বন্ধ হয়। এর আরেকটি উদ্দেশ্য হলো, সমাজতান্ত্রিক দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো জোরেসোরে প্রয়োগ করা।