২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনাবাহিনীর হাতে কয়েকশ বামপন্থীর মৃত্যু

ফিলিপাইনের সামরিক বাহিনীর হাতে ২০০১ সাল থেকে কয়েকশ বামপন্থী নিহত হয়েছেন। আর এর জন্য কিছু কমান্ডিং অফিসার দায়ি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট তদন্ত কমিশনের প্রধান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 03:43 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেন তদন্ত কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক জোসে মেলো।

তিনি জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত কয়েকশ বামপন্থী, সমাজকর্মী ও কৃষক প্রাণ হারিয়েছেন ফিলিপাইনের সেনাবাহিনীর হাতে।

আর এ জন্য সেনাবাহিনীর কিছু কমান্ডারকে দায়ি করেছেন তিনি।

“আমরা স্বীকার করি যে সেনাবাহিনীর কিছু সদস্য এ ধরনের অপকর্মের জন্য দায়ি। তারা ফিলিপাইনের বিভিন্ন গেরিলা সংগঠনের সদস্যদের হত্যা করছে। তবে আমরা এ ধরনের বিষয়কে মোটেই ক্ষমার চোখে দেখব না,” হুশিঁয়ার করে দিয়ে বলেন সেনাবাহিনী প্রধান হার্মোজেনেস এস্পেরন।

ইতোমধ্যে অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে তদন্তসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, জানান তিনি।

এস্পেরন আরো বলেন, “আমরা তদন্তের ক্ষেত্রে কোনো কিছুই বাদ দেব না এবং তার পদ যাই হোক না কেন কাউকেই ছেড়ে দেব না। ফিলিপাইনের সশস্ত্রবাহিনী জনগণকে এই বলে আস্বস্ত করতে চায় যে তারা মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা সহ্য করবে না কিংবা তাতে সহায়তাও দেবে না।”