লেবাননে সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ি ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ: বুশ
লেবাননের সরকার পতনের দাবিতে সাম্প্রতিক সহিংসতার জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ গেরিলা গ্র“পকে দায়ি করেছেন।
গত সপ্তাহে বৈরুতে সরকার সমর্থক ও বিরোধীদের আঞ্চলিক দাঙ্গায় চারজন নিহত ও ২০০ জন আহত হওয়ার ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় বুশ সোমবার একথা বলেন।
লিখিত বক্তব্যে বুশ বলেন, “লেবাননের রাস্তায় বর্তমান সহিংসতা ও রক্তপাতের ঘটনায় আমি দারুণ মর্মাহত।”
বর্তমানে মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের উত্থানের একটি দৃষ্টান্ত হিসেবে লেবাননকে তুলে ধরেছে বুশ বলেন, তেহরান, দামেস্ক ও হিজবুল্লাহ ফুয়াদ সিনিওরার নির্বাচিত সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে।
“যারা লেবাননে গোলযোগ তৈরির জন্য দায়ি তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ইরান, সিরিয়া ও হিজবুল্লাহ লেবাননের সমাজকে অস্থিতিশীল করে তুলতে কাজ করছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার।”
“সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যার বিষয়ে ট্রাইবুনাল গঠন বন্ধ করতে, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রতিহত করতে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত লেবানন সরকারের পতন ঘটাতে তারা এ সহিংস পরিস্থিতি তৈরি করছে।”
ইরান ও সিরিয়া অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর আগে সোমবার এক বিবৃতিতে ইরানের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বুশ বলেন, ইরান যদি ইরাকের সহিংসতায় ইন্ধন যোগায় তাহলে যুক্তরাষ্ট্র তার উপযুক্ত জবাব দেবে।
লেবাননের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করে বুশ বলেন, গত সপ্তাহে প্যারিসে দাতাদের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্র“ত আর্ন্তজাতিক সাহায্য প্রস্তাবের ৭৬২ কোটি ডলারের মধ্যে ৭৭ কোটি ডলার প্রদানের জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানাবেন।
