‘একুশ শতকে শান্তির চাবিকাঠি হতে পারে গান্ধীর অহিংস আন্দোলন’
মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে আসর বসেছিল শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, নোবেল বিজয়ী ও প্রবীণ রাষ্ট্রনেতাদের। গত বছর ১১ সেপ্টেম্বর ওই আন্দোলনের শতবর্ষ পূর্তি হলেও এ আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে বিশ্ববাসীকে ওই দীক্ষায় দীক্ষিত হতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো।
আধুনিক প্রযুক্তির এই যুগে দেশে থেকেই এদের সঙ্গে যোগ দিয়েছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা।
মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বাণীর প্রতি সবসময়ই দুর্বলতা ছিল তার। নিজের জীবনে চর্চাও করেছেন সে সবের। গান্ধীর এই শান্তি ও অহিংসার বাণীই সহিংসতা আর দ্বন্দ্বতাড়িত বিশ্বে একুশ শতকের মানুষদের জন্য শান্তির অন্যতম চাবিকাঠি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রবীণ এই নেতা।
দক্ষিণ আফ্রিকা থেকে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভিডিও ভাষণে তিনি বলেন, “মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে ৬০ বছর আগে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল তা বর্তমান বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।”
“মহাত্মা গান্ধী ছিলেন এক পবিত্র যোদ্ধা। নৈতিকতা আর আদর্শের সমন্বয়ের মাধ্যমে এক ইস্পাতকঠিন আপোষহীনতার দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন তিনি। তার আপোষহীনতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল নিপীড়ক ব্রিটিশ শাসকরা।”
ওই অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেক ভালেন্সা, জাম্বিয়ার কেনেথ কাউন্ডা, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূসসহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমান বিশ্বে অহিংস মতবাদকে তুলে ধরতে সম্মেলনে যোগদানকারী সরকার প্রধান, পার্লামেন্টেরিয়ান এবং রাজনীতিক ও ধর্মীয় নেতাসহ চার শতাধিক প্রতিনিধির প্রতি আহ্বান জানান তিনি।
মোহনদাস করমচাঁদ গান্ধী তার ‘সত্যাগ্রহ’ বা ‘অহিংস’ আন্দোলনের সূচনা করেন ১৯০৬ সালের ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ১৮৯৩ সালে একজন আইনজীবী হিসেবে সেখানে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। সেখানে অবস্থানকালে ক্রমশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে শীর্ষস্থানীয় নেতায় পরিণত হন।
১৯১৪ সালে দেশে ফিরে ভারতের রাজনীতিতে নিজেকে যুক্ত করেন এবং ধীরে ধীরে সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
