হামাস--ফাতাহর অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর
পাঁচদিনের ভয়াবহ সংঘর্ষের পর অবশেষে অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই ফিলিস্তিন প্রতিপক্ষ হামাস ও ফাতাহ।
মঙ্গলবার গাজায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ দল এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস দলের মধ্যে এ চুক্তি হয়।
প্রধানমন্ত্রী হানিয়া ও আব্বাসের এক শীর্ষ সহযোগীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর উভয় পক্ষ গাজার রাস্তা থেকে দুদলের বন্দুকধারীদের সরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আল জাহার।
চুক্তি অনুযায়ী গাজার রাস্তা থেকে উভয় দলের সশস্ত্র বন্দুকধারীদের ফিরিয়ে নেওয়াসহ উঠিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা তল্লাশীর সব চেক পয়েন্ট। পরিবর্তে রাস্তায় ফিলিস্তিন পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
এছাড়া, এই চুক্তির মাধ্যমে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন আটক ব্যক্তিদের ছেড়ে দিতে সম্মত হয়েছে দুই পক্ষ।
হামাস ও ফাতাহ সমর্থিত বন্দুকধারীদের মধ্যে গত পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হন। এরই পরিপ্রেক্ষিতে সঙ্কট নিরসনে যুদ্ধ বিরতির উদ্যোগ নেয় দুই পক্ষ।
এর আগেও এ দুটি দলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
ভয়াবহ সংঘর্ষের ফলে গত কয়েকদিনে বহু লোকজন গাজা থেকে অন্যত্র পালিয়ে গেছেন। স্কুল--কলেজ ও দোকানপাট বন্ধ রয়েছে।
