২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে জাপানি প্রধানমন্ত্রী আবে

রীতিমতো বিপাকে আছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এমনিতেই নিজের জনপ্রিয়তায় ভাটা পড়ায় উদ্বিগ্ন তিনি। তার ওপর উটকো ঝামেলা হয়ে ভিড়েছে সম্প্রতি দুই দপ্তর মন্ত্রীর করা বেফাঁস মন্তব্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

প্রথমত, প্রতিরক্ষামন্ত্রী জাপানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরাক যুদ্ধ ’ভুল ছিল’ বলে। এরপর স্বাস্থ্যমন্ত্রী জাপানি নারীদের খেপিয়ে দিয়েছেন তাদের ‘বাচ্চা পয়দার কল’ অ্যাখ্যা দিয়ে।

আগামী জুলাইয়ে জাপানি সংসদের উচ্চকক্ষের নির্বাচন। আর এহেন গোলমালে জনমনে তার নেতৃত্বের সামর্থ্য নিয়ে দ্বিধা যে পক্ষে যাবে না, তা নিয়ে শঙ্কিত হতেই পারেন আবে।

সোমবার বাধ্য হয়েই এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদের প্রধান সচিব ইয়াশুহিসা শিওজাকি বলেই ফেললেন, “আমি পরিষ্কার জানাতে চাই, যার যা খুশি ইচ্ছে বলে ফেলাটা মন্ত্রিপরিষদ সমর্থন করছে না।”

সাংবাদিকরা স্বভাবতই তাকে প্রশ্নজর্জর করছিলেন দুই মন্ত্রীর মন্তব্য নিয়ে।

রাজনীতিবোদ্ধারা খুব একটা প্রীত নন মন্ত্রীদের এসব মন্তব্যে। গত সেপ্টেম্বরে আবে শপথ নেওয়ার পর থেকেই তার মন্ত্রিপরিষদ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রধানমন্ত্রীত্বে সমর্থন জানানো পার্লামেন্ট সদস্যদের মধ্য থেকে প্রিয় বান্ধবদের নিয়ে মন্ত্রিপরিষদ গড়েছেন বলে নিন্দাবাদ ছিল। তারই মাশুল এখন আবেকে গুনতে হচ্ছে বলে জানাচ্ছেন তারা।

সমালোচকদের একজন টোকিওর মেরিল লিঞ্চের প্রধান অর্থনীতিবিদ জেসপার কোল যেমন বলেছেন, “এসব লোক সংবাদমাধ্যমকে থোড়াই পাত্তা দেয়। এরা একদল যুদ্ধবাজ সামন্ত প্রভু যারা যা ইচ্ছে তাই বলে দেয়। উনি (আবে) এদেরকে মন্ত্রিপরিষদে ঠাঁই দিয়েছেন... এখন এরাই তার গলার কাঁটা।”

আবে অবশ্য সংসদকে জানিয়েছেন, ‘অর্বাচীন মন্তব্য’র জন্য স্বাস্থ্যমন্ত্রী হাকুও ইয়ানাগিশাওয়াকে তিনি শাসিয়েছেন। আর ইয়ানাগিশাওয়া নিজেও প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ’নারীদের অনুভূতিতে আঘাত’ করার জন্য।

জাপানে জন্মহারের আশঙ্কাজনক নিম্নগামিতায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় পার্লামেন্ট সদস্যদের মাঝে এক বক্তৃতায় বলেছিলেন তা। ব্যাপারটায় সম্পৃক্ত ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি ক্রমশই চড়তে থাকা অবসর ভাতার দায় মেটানোর ভার।

কিয়োদো সংবাদ সংস্থায় প্রচারিত ইয়ানাগিশাওয়ার উদ্ধৃতিটা ছিল এরকম, “বাচ্চা পয়দার কল ও যন্ত্রগুলো সুনির্দিষ্ট থাকায় আমরা বড়জোর তাদের অনুরোধ করতে পারি মাথাপিছু তাদের সর্বোচ্চ প্রয়াসটা দেওয়ার জন্য। যদিও তাদের ঠিক ‘যন্ত্র’ বলে উল্লেখ করাটা যথোপযুক্ত নয়।”

একইরকম বিতর্ক তুলেছেন প্রতিরক্ষামন্ত্রী ফুমিকো কাইওয়মার মন্তব্য। তিনি “বাগদাদে আণবিক বোমা আছে অনুমানে ইরাকে হামলা করা ভুল ছিল” বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের সমালোচনা করেছেন।

এরপর শনিবার ওয়াশিংটনকে এক হাত নিয়েছেন এই বলে যে জাপান--যুক্তরাষ্ট্র চুক্তি মেনে দক্ষিণ জাপানি দ্বীপ ওকিনাওয়ায় একটি সামরিক ঘাঁটি নতুন করে তৈরিতে যে ঝুটঝামেলা, তা তারা বুঝতে পারছে না। বলেছেন, “আমি (যুক্তরাষ্ট্রকে) বলছি, এতো অভিভাবকত্ব ফলানোর দরকার নেই, (ওকিনাওয়ার) গর্ভনরের সঙ্গে আমি কথা বলব। তাই তারা একটু ধৈর্য্য ধরুক আর জাপানের মামলা জাপানিদের হাতেই ছেড়ে দিক।”

শিওজাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জাপানি কর্তৃপক্ষের কাছে ইরাক যুদ্ধ প্রসঙ্গে কাইওমার মন্তব্যের সত্যতা জানতে চেয়েছে। তবে এ নিয়ে কোনো বিতর্ক তোলেনি।

মন্ত্রী দুজনের এই ঝড় তোলা মন্তব্য কাকতালীয়ভাবে এমন একটা সময় হয়েছে যখন সাম্প্রতিক জনপ্রিয়তা জরিপে আবের লেখচিত্র নামছে। জাপানি জনমতে তার মন্ত্রিপরিষদের প্রতি সমর্থন ছয় ভাগ কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। অঙ্কটা তার লিবারেল ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রে ২৫ শতাংশ।

গত সপ্তাহান্তে মাইনিচি পত্রিকার এই জরিপে অবশ্য আবের তুমুল প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু ঘটেনি। পার্লামেন্টের প্রধান এই বিরোধী দলের জনসমর্থনও চার ভাগ কমে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। অন্যদিকে কোনো দলকেই সমর্থন দিচ্ছে না এমন ভোটারের সংখ্যা ১০ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ।

উচ্চকক্ষ নির্বাচনে হারলে আবে ক্ষমতা হারাবেন এমন নয়। তবে তার প্রশাসনের মেয়াদকাল নিয়ে সন্দেহ যে জাগবে- এনিয়ে কোনো সন্দেহ থাকবে না।