মালয়েশিয়ায় অনুপ্রবেশকালে আটক ১৭৩
মিয়ানমার থেকে সেদেশে অনুপ্রবেশের সময় ১৭৩ জনকে আটক করেছে মালয়েশিয়া।
অবৈধভাবে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করায় তাদের আটক করা হয় বলে সোমবার জানিয়েছে দেশটির সরকার।
কিন্তু আটক ব্যক্তিদের মধ্যে অনেক শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী রয়েছে বলে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।
আটক ১৭৩ জনের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। মালয়েশিয়ার মধ্য সেলাঙ্গর প্রদেশের সীমান্তবর্তী বনাঞ্চলের একটি বসতি থেকে রোববার তাদের আটক করা হয়।
জাতিসংঘ শরণার্থী সংস্থার মালয়েশিয়া প্রতিনিধি ভোকার টার্ক বলেছেন, “শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আটক সম্পর্কে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছি। বিশেষত সেখানে অনেক নারী ও শিশুও রয়েছে। এটি সাধারণ চর্চা বহির্ভূত। আমরা আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।”
মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তা ইসহাক মোহাম্মদ জানান, আটক ব্যক্তিদের সেমবিলান রাজ্যের লেংগেং ক্যাম্পে রাখা হয়েছে। এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকার করেন তিনি।
আটক ১৭৩ জনের অধিকাংশ কিংবা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
