২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদীদের জীবন পাল্টে দিচ্ছে অস্ত্র সমর্পণ

বিজয়, একুশ বছর বয়সী এক মাওবাদী গেরিলা। এতোদিন হাতে ভারী অস্ত্র থাকলেও এখন তার হাতে শুধুই ওয়াকিটকি। শক্তিখোরের মাওবাদী ক্যাম্পের ফটকে পাহারায় রয়েছে সে। ভেতরে চলছে জাতিসংঘ তত্ত্বাবধানকারীদের কাছে অস্ত্র জমা দেওয়ার কাজ। অস্ত্র সমর্পণ পাল্টে দিয়েছে বিজয়ের জীবন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

“যখন যুদ্ধ করতাম তখন সবসময় থাকতে হতো সতর্ক, কঠোর, আক্রমণাত্মক। আবেগ বা কোমল অনুভূতির কোনো জায়গা ছিল না আমাদের মনে,” মাওবাদী যোদ্ধা বিজয় এভাবেই জানান নিজের কথা।

“কিন্তু এখন প্রাণখুলে হাসতে, সাধারণ মানুষদের সঙ্গে সহজভাবে মেলামেশা করতে আর কোনো বাধা নেই।”

তার অস্ত্রটি আর ফেরত না পেলে আফসোস করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিজয় জানান, “নেপালে এখন শান্তির বাতাস বইছে, মানুষ শান্তি চাইছে, তাই অস্ত্র জমা দেওয়ায় কোনো দুঃখ নেই।”

শক্তিখোরে মাওবাদী পিপলস লিবারেশন আর্মির লাল--সবুজ পোশাক পড়া গেরিলাদের এ বিশাল ক্যাম্পে অস্ত্র জমা দানের কাজ প্রায় শেষ পথে। প¬াস্টিক ও তারপুলিন দিয়ে ঘেরা তাঁবুতে কয়েকশ মাওবাদী গেরিলার আবাস রয়েছে এখানে। জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের তালিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে শক্তিখোরকে অস্ত্র মুক্ত করার পরিকল্পনা।

চুক্তি অনুযায়ী অস্ত্র গুনে গুনে কন্টেইনারে জমা রাখা আর গেরিলাদের নাম নিবন্ধনের কাজ চলছে একইসঙ্গে। অস্ত্র বোঝাই এসব কন্টেইনারের দুই সেট চাবির একটি থাকবে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের কাছে আরেকটি থাকবে মাওবাদীদের হাতে।

এসব অস্ত্র পাহারা দেওয়া আর ক্যাম্পের তত্তাবধানের জন্য কাজ করতে শুরু করেছে অন্তর্বর্তী টাস্কফোর্স সেনারা। ভারতীয় ও ব্রিটিশ আর্মির সাবেক গুর্খা সেনাদের নিয়ে গঠন করা হয়েছে এ টাস্কফোর্স।

শুধু মাওবাদীদের অস্ত্র সমর্পনই নয়, জাতিসংঘের তত্ত্বাবধানে সমপরিমাণ অস্ত্র জমা রাখতে হবে নেপালি সেনাবাহিনীকেও। একইসঙ্গে দেশজুড়ে ২৮টি ক্যাম্পে মাওবাদী গেরিলাদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে। মাওবাদীদের হিসেব অনুযায়ী তাদের গেরিলা যোদ্ধার সংখ্যা প্রায় ৩৫,০০০। জাতিসংঘ অস্ত্র পরিদর্শক মুখপাত্র কিরণ দিওয়ার জানান, শক্তিখোরের মতোই চিতওয়ান জেলার আরেকটি মাওবাদী ক্যাম্পেও অস্ত্র জমা নেওয়ার কাজ শেষ হয়ে যাবে সোমবারের মধ্যেই। এরপর পশ্চিমাঞ্চলের আরো তিনটি ক্যাম্পে নিরস্ত্রীকরণের কাজ শুরু হবে।