২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফৌজদারী আদালতে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে

কঙ্গোর এক মিলিশিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে সোমবার শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট - আইসিসি) বিচার কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শিশুদের যুদ্ধে ব্যবহার করার অভিযোগে ওই মিলিশিয়ার বিচার শুরু হলে এটাই হবে আইসিসির প্রথম বিচার প্রক্রিয়া।

প্রথম স্থায়ী বৈশ্বিক যুদ্ধাপরাধ আদালত হিসেবে ২০০২ সালে আইসিসির যাত্রা শুরু হলেও এখন পর্যন্ত কোন বিচার প্রক্রিয়া শুরু করতে পারেননি তারা। আদালত সূত্রে জানানো হয়, কঙ্গোর মিলিশিয়া থমাস লুবাঙ্গার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে সোমবার অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিচারকরা বলছেন, কঙ্গোর সবচেয়ে ভয়াবহ জঙ্গি গোষ্ঠীগুলির একটি ‘ইউনিয়ন অফ কঙ্গোলিজ প্যাট্রিয়টস (ইউপিসি)’ এর  প্রতিষ্ঠাতা ও নেতা থমাস লুবাঙ্গা শিশুদেরকে হত্যাকাণ্ডের প্রশিক্ষণ দিয়েছেন, তাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।

অভিযোগ রয়েছে, লুবাঙ্গার দল বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও তিনি লেন্ডু গোষ্ঠীর লোকজনকে হত্যার জন্য এসব শিশু যোদ্ধা ব্যবহার করছেন।

২০০৫ সালে উগান্ডার লর্ডস রেজিস্টেন্স আর্মির নেতাদের বিরুদ্ধে প্রথম ওয়ারেন্ট ইস্যু করে আইসিসি। তবে এখন পর্যন্ত মামলা পরিচালনার জন্য আইসিসির কাছে হস্তান্তর করা একমাত্র সন্দেহভাজন অপরাধী লুবাঙ্গা।

মনোবিজ্ঞানের øাতক ডিগ্রিধারী ৪৬ বছর বয়সী লুবাঙ্গা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী অভিযোগ করেন, লুবাঙ্গার আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহে বাধার সৃষ্টি করা হয়েছে এ বিচার প্রক্রিয়ায়।

আইসিসির প্রধান বিচারক লুইস মরেনো--ওকাম্পো জানিয়েছেন, খুব শিগগিরই সুদানের দারফুর অঞ্চলে চালানো বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে আদালত।