ইরাক নিয়ে বুশের 'দায়িত্বজ্ঞানহীনতা' কে হিলারির আক্রমণ
প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই জর্জ বুশের উচিত ইরাক যুদ্ধ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান বের করা। ২০০৮ এর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটন আইওয়া রাজ্যে দুই দিনের প্রচারাভিযান শেষে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
একইসঙ্গে সমস্যার সমাধান না করে বুশ ক্ষমতা ছেড়ে দিলে তা ‘চূড়ান্ত পর্যায়ের দায়িত্বজ্ঞানহীনতা’র পরিচায়ক হবে বলেও উল্লেখ করেন হিলারি।
ইরাকে আরো ২১,৫০০ সেনা প্রেরণে বুশের নতুন পরিকল্পনার বিরোধিতাকারী হিলারি আরো বলেন, “নিজের পরিকল্পনামত তিনি যুদ্ধ শুরু করেছেন এবং আমরা আশা করছি তিনি এর সমাধান করে ক্ষমতা ছেড়ে দিবেন।”
“তিনি যেভাবে তার ক্ষমতার ব্যবহার করেছেন তা নিয়ে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। তিনি যেভাবে এই যুদ্ধকে বৈধতা দিয়েছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে ওই যুদ্ধের পরিকল্পনা ও নিজের নীতি বাস্তবায়নে যে অযোগ্যতার প্রমাণ তিনি রেখেছেন, তা সত্যিই দুঃখজনক।”
এদিকে ২০০২ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন ডেমোক্রেট সিনেটরের সমালোচনার শিকার হন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন হিলারি।
এক জনসভায় হিলারি বলেন, “বিশ্বের খারাপ পুরুষ নেতাদের সঙ্গে আমি কীভাবে কাজ করব?” কারা এ ধরনের নেতা- এ প্রশ্ন করা হলে তিনি প্রথমে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং পরে বুশ প্রশাসনের কর্মকর্তাদের কথা উল্লেখ করেন।
