ইরাককে সামরিক সহায়তা দিতে আগ্রহী ইরান
ইরাককে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে আগ্রহী ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে রোববার নেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে ইরানি রাষ্ট্রদূত হাসান কাজেমি এ আগ্রহের কথা জানান। এটি সোমবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত বলেন, “ইরাকি বাহিনীকে পরামর্শক, প্রশিক্ষণ ও সমরাস্ত্র দিয়ে সহায়তার প্রস্তুতি ইরানের রয়েছে। এ ছাড়া ভৌত অবকাঠামোর উন্নয়নেও সহায়তা দিতে চায় ইরান।”
এ বিষয়ে খুব শিগগিরই তেহরান ইরাকি সরকারকে প্রস্তাব দেবে বলে জানিয়েছেন হাসান কাজেমি।
সাক্ষাৎকারে ইরাকে দুই কূটনীতিবিদ আটকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।”
তবে আটকদের বিরুদ্ধে ইরাকে সহিংসতায় মদদ দেওয়ার মার্কিন অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইরানি রাষ্ট্রদূত।
তার দাবি, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে অলোচনার উদ্দেশ্যেই ওই কূটনীতিবিদরা ইরাক গিয়েছিলেন।
হাসান কাজেমি আরো জানান, শিগগিরই ইরাকে একটি ব্যাংকের কার্যক্রম শুরু করছে তার দেশ।
বিষয়টি স্বীকার করে ইরাকের এক কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত ছাড়পত্র ইতোমধ্যেই ইরান পেয়েছে এবং তারাই প্রথম রাষ্ট্র যারা পরিবর্তিত ইরাকে ব্যাংকিং কার্যক্রম শুরু করছে।
