বিদ্রোহীদের প্রতি শান্তি আলোচনার আহ্বান কারজাইয়ের
আফগানিস্তানে লড়াইরত বিদ্রোহীদের শান্তি আলোচনায় আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
আশুরা উপলক্ষে সোমবার কাবুলে আয়োজিত এক ধর্মীয় সভায় এ আহ্বান জানান তিনি।
বক্তব্যে সুনির্দিষ্টভাবে তালেবানদের নাম উল্লেখ না করলেও কারজাই বলেন, “আমরা যখন মর্যাদার জন্য লড়ছি তখনও আমাদের পক্ষ থেকে শত্র“ পক্ষের সঙ্গে আলোচনার পথ সবসময়ই খোলা আছে।”
দুই বছর আগে ‘মধ্যমপন্থী’ তালেবানদের ক্ষমা করেন তিনি। তবে কোনো তালেবান শীর্ষ কমান্ডার কিংবা নেতা সে সময় আত্মসমর্পন করেননি কিংবা তালেবানদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে সহায়তাও দেননি।
সোমবার অবশ্য কারজাই তালেবানদের এ ধরনের আর কোনো ছাড় দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
তবে পাকিস্তানে অবস্থানরত তালেবান যোদ্ধাদের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, “দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমি প্রার্থনা করছি তারা যেন সুপথে আসে।”
