ফুল কি পারবে ফেরাতে?
সংঘাত কবলিত ভূ-স্বর্গ কাশ্মীরে আবারো ফিরে আসবে পর্যটক। প্রাণ ফিরে পাবে ভুবন বিখ্যাত এ এশীয় পর্যটন তীর্থ। এ স্বপ্নে ভর করে নতুন আশায় বুক বেঁধেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।
পর্যটকদের ফেরানোর এ যুদ্ধে তাদের যুদ্ধাস্ত্র হল কাশ্মীরের ফুল। তুষার শুভ্র পর্বত চূড়ার নিচে রঙ বেরঙের পাপড়ি মেলা কাশ্মীরি টিউলিপ। নীল পর্বতের কোলে স্বচ্ছ লেকের পাড় ঘেঁষে আদিগন্ত বিস্তৃত টিউলিপের বাগান। এ অনিন্দ্য সৌন্দর্যের টানে মধুচন্দ্রিমা কাটাতে আসা নব দম্পতি আর হাজার হাজার দেশী বিদেশী পর্যটকরা মৌমাছির মতোই ছুটে আসবে বলে আশা করছেন সরকারি কর্মকর্তারা।
বিশ্বের বৃহত্তম টিউলিপ বাগানে ফুল ফোটানোর এ বিশেষ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রোপন করা হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টিউলিপের গুচ্ছ। মৌসুম এলে এ বাগানে দশ লাখেরও বেশী টিউলিপ ফুটবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ডাল লেকের পাড়ে সিরাজ বাগে’ও লাগানো হয়েছে অসংখ্য টিউলিপের চারা। অলংকারে খচিত ২০০০ কাঠের নৌকায় এ লেকটি আবারো পর্যটকদের কল কাকলি মুখর হয়ে উঠবে এমনটাই আশা তাদের।
দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে অনেকদিন আগেই এখানে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। গত বছর সেখানে পর্যটকদের ওপর হামলায় প্রাণ হারান ১৫ ভারতীয় । এরপরও গত বছর প্রায় ৪ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণে এসেছিলেন বলে জানান সরকারি কর্মকর্তারা।
