গুচ্ছ বোমা ব্যবহারের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহারের জন্য ইসরায়েলের বিরুদ্ধে হালকা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের রোববারের সংস্করণে একথা জানানো হয়।
লেবাননের গ্রাম ও শহরের জনবহুল এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহারের ফলে মার্কিন--ইসরায়েল অস্ত্র চুক্তি লংঘন হয়েছে কি না এবং এজন্য দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায় কি না তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। সোমবার এ সম্পর্কিত তথ্য উপাত্ত কংগ্রেসকে জানাবে বুশ প্রশাসন ।
অস্ত্র চুক্তি অনুযায়ী কোন জনবহুল এলাকায় ওই বোমা ব্যবহার নিষিদ্ধ ছিল। কিন্তু মার্কিন প্রশাসন এ বিষয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের কিছু কর্মকর্তারা মনে করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মার্কিনিদের সঙ্গে সম্পাদিত চুক্তি লংঘন করেছে। এজন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইসরায়েলের কাছে ওই ধরনের অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধ রাখা যেতে পারে।
অন্য দলটি মনে করে, আত্মরক্ষার খাতিরেই গুচ্ছ বোমা ব্যবহার করতে হয়েছে ইসরায়েলকে।
একসঙ্গে অনেকগুলো বোমা থাকার কারণে গুচ্ছ বোমা হামলার ক্ষেত্রে তাৎক্ষণিক বিস্ফোরণের পরও বহু বোমা অবিস্ফোরিত থেকে যায়। যুদ্ধকালীন ব্যাপক প্রাণহানি ছাড়াও লেবানন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরবর্তী মাসগুলোতে ওইরকম বোমার আঘাতে ২০ জন লেবানিজ নিহত এবং ৭০ জন আহত হন।
