বাগদাদে গুলিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মর্টার হামলায় ৫ ছাত্রী নিহত
ইরাকের শিল্প মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ও তার মেয়েসহ চার ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এদিকে পশ্চিম বাগদাদে মর্টার হামলায় নিহত হয়েছে পাঁচ ছাত্রী।
পুলিশ জানায়, রোববার বাগদাদের পশ্চিম ইয়ারমুক জেলায় শিল্প মন্ত্রণালয়ের মহাসচিব আব্দুল মেহসান আল লামির গাড়ি লক্ষ করে অজ্ঞাত বন্দুকধারীরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। চালকসহ গাড়ির অপর আরোহী তার মেয়ে ও এক কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
লামির মেয়ে শিল্প মন্ত্রণালয়ের প্রকৌশলী ছিলেন।
একই দিন পশ্চিম বাগদাদের আদিল জেলায় একটি স্কুলে মর্টার হামলা হয়। স্কুলের প্রধান শিক্ষক ফওজিয়া সোয়াদি রয়টার্সকে জানান, স্কুল প্রাঙ্গণে দুটি রকেট আঘাত হানে। এতে পাঁচ ছাত্রী নিহত ও অপর ২০ জন আহত হয়।
সুন্নি অধ্যুষিত আদিল এলাকায় ওই হামলার কথা পুলিশ স্বীকার করেছে।
