পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও নারীকেই বেছে নিচ্ছে ইকুয়েডর
পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও এক জন নারীকেই বেছে নিচ্ছে ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানিয়েছেন এক কথা। গত বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন পূর্বতন প্রতিরক্ষামন্ত্রী গুয়াদালুপে লারিভা ।
রাফায়েল কোরেয়া শনিবার জানান, খুব শিগগিরই দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
সাপ্তাহিক বেতার ভাষণে তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে চালানোর জন্য একজন নারীই উপযুক্ত।”
লারিভার উত্তরসূরির বিষয়েও একটি ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট বলেন, “নতুন প্রতিরক্ষামন্ত্রীও হবেন লারিভার ‘আজুয়ে’ প্রদেশ থেকেই।
গুয়াদালুপের স্মৃতিচারণ করে কোরেয়া বলেন, “গুয়াদালুপের নারী হৃদয় জেনারেলদের শক্ত হাতের চেয়ে অনেক বেশি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”
ইকুয়েডরের উপকূলীয় মানাবিতে প্রদেশে দুটো হেলিকপ্টারের সংঘর্ষে লারিভা ছাড়াও নিহত হন তার ১০ বছর বয়সী মেয়ে এবং পাঁচ সামরিক কর্মকর্তা।
