পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পরস্পরবিরোধী বক্তব্য
পরমাণু কর্মসূচি নিয়ে পরস্পরবিরোধী ইরানের বক্তব্য পাওয়া গেছে। কয়েকদিন আগে দেশটির এক সাংসদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ৩ হাজার সেন্ট্রিফিউজ সচল করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শনিবার তা নাকচ করে দিয়েছেন ইরানেরই এক কর্মকর্তা।
ইরানের পরমাণু শক্তি সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা হোসেইন সিমোরাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, এ ধরনের কোনো পরিকল্পনাই সরকারের নেই।
সিমরাগ বলেন, “দেশের প্রধান পরমাণু স্থাপনা নাতাজে নতুন করে কোনো সেন্ট্রিফিউজ যুক্ত করা হচ্ছে না।”
ইরানি পার্লামেন্টের বিদেশ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান আলাদিন বরোইজারদি বলেছিলেন, নাতাজে আরো ৩ হাজার সেন্ট্রিফিউজ যুক্ত করা হচ্ছে।
ওই ঘোষণার পর পর্যবেক্ষক মহল ধারণা করছিল, ইরান পরমাণু বোমা তৈরিতে এগিয়ে যাচ্ছে। তবে ওই ঘোষণার সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র তখন সংশয় প্রকাশ করে।
ইরান এখন ১৬৪টি সেন্ট্রিফিউজে কাজ চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রের ধারণা।
