বিশ্ব বাণিজ্য আলোচনা পুনরায় শুরু ব্যাপারে একমত মন্ত্রীরা
এবার সত্যি সত্যিই প্রাণ পাচ্ছে বিশ্ব বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। মতবিভেদে মাস ছয়েক আগে স্থগিত হয়ে যাওয়া চুক্তিটি নিয়ে নতুন করে বসতে রাজি হয়েছে পরাশক্তিগুলো। আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। তিনি জানাচ্ছেন, চুক্তি না হওয়ার চেয়ে হওয়ার সম্ভাবনাই এখন বেশি।
সর্বশেষ অগ্রগতিতে জানা গেছে, ২৯ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল এবং বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা জেনেভায় বৈঠকে বসবেন আলোচনা নতুন করে শুরু করার সম্ভাব্যতা নিয়ে।
শনিবার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ৩০টিরও বেশি দেশের বাণিজ্যমন্ত্রীরা বৈঠকে বসেন। তারা আশাবাদী, তবে একইসঙ্গে শঙ্কিতও। কারণ বেশ কিছু বাধা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) প্রস্তাবিত চুক্তিটি বাস্তবায়নে সমস্যার সৃষ্টি করছে।
ডাব্লিউটিও প্রধান প্যাসকাল লামির মতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্য গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। সে সুবাদেই বাণিজ্য মন্ত্রীদের বৈঠক শেষ হয়েছে আশাজাগানিয়া এক সুরে- “মুহূর্তটা সমঝোতার আলোচনায় ফেরার জন্য অতি অনুকূল।”
২০০১ সালের শেষদিকে বিশ্ব বাণিজ্যে স্থিতি এবং দারিদ্র্য দূর করার প্রত্যয় নিয়েই দোহায় বসেছিল ডাব্লিউটিও অধিবেশন। কিন্তু মাসছয়েক আগে তা ভেস্তে যায় রাজনৈতিকভাবে স্পর্শকাতর খামারজাত পণ্যে নিয়ে মতবিরোধে। এখন যুক্তরাষ্ট্র, ইইউ এবং জাপান ও ব্রাজিলের মতো বাণিজ্য শক্তিধর দেশগুলো আগের অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে রাজি বলে ইঙ্গিত মিলেছে। আর লামি এটাকেই মানছেন বড় ধরনের সাফল্যের সূচনা বলে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সুজান শোয়াব সাংবাদিকদের বলেন, “আমি এই বৈঠকে আশাবাদী হওয়ার যথেষ্ট উপকরণ পেয়েছি, তবে একই সঙ্গে এও বুঝেছি যে সামনে আমাদের প্রচুর কাজ বাকি।”
অন্যদিকে ইইউর বাণিজ্য প্রতিনিধি পিটার ম্যান্ডেলসন জানাচ্ছেন, কৃষিজাত পণ্যে যুক্তরাষ্ট্র যে শুল্কছাড় চেয়েছে তা খুবই বেশি। তার আশঙ্কা, নিখুঁত একটা চুক্তির তাড়নায় ভালো একটা চুক্তির সম্ভাবনাকে শেষ করে দেওয়া হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অবশ্য সতর্ক আশাবাদ জানিয়েছেন, “আমার ধারণা, একদম না হওয়ার চেয়ে বরং চুক্তিটি হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে আগামী কয়েকমাসের মধ্যেই চুক্তি হয়ে যাবে। দেশগুলো একাট্টা হচ্ছে, রাজনৈতিকভাবেও যথেষ্ট উদ্দীপনা রয়েছে, কারণ ব্যর্থতার পরিণতি নিয়েও সবাই সচেতন।”
