ইরাক যুদ্ধের বিরোধিতায় ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ
“ইরাকে যখন যুদ্ধ করছিলাম, মনে করতাম কত মহৎ কাজ করছি, দেশের সেবা করছি। অথচ ফলটা কী দাঁড়াল? এখন তো দেখছি, প্রতারিত হয়েছি” বলছিলেন গ্যারেট রিপেনহেগেন। নিজে ইরাক যুদ্ধে অংশ নিয়েও তিনি শনিবার নেমে এসেছিলেন জনতার কাতারে। হাজার হাজার মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নেন ওয়াশিংটনে।
গ্যারেটের মতোই অনেকেই অংশ নেন ওই বিক্ষোভে। সাবেক সেনা সদস্য থেকে শুরু করে আইনজীবী, চলচ্চিত্র তারকা, মানবাধিকার কর্মী -- কে ছিলেন না। এক সময় ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতাকারী অভিনেত্রী জেন ফন্ডাও ছিলেন ওয়াশিংটনের ‘ন্যাশনাল মলে’। হাজারো মানুষের সঙ্গে সুর মিলিয়ে আওয়াজ তোলেন, “অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনো।”
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং কংগ্রেসের কাছে ইরাকে সৈন্য পাঠানোর তহবিল বন্ধ করার আহ্বানও জানান এ হলিউড তারকা।
ইরাকে নিহত হওয়া সেনাদের পরিবারের সদস্যরাও ছিলেন মিছিলে। তাদের হাতে ছিল হারানো প্রিয়জনদের ছবি। ইরাকে নিহত ১৯ বছরের ছেলের ছবি নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে অ্যানি শে বলেন, “আমারতো মনে হয় এটা আমাদের নয় বরং বুশের একার যুদ্ধ। তার প্রয়োজনেই এই যুদ্ধ চালানো হচ্ছে।”
সাবেক এক সেনা সদস্য বলেন, “ইরাক থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত করতে শুধু আহ্বান জানালেই হবে না, বুশের ওপর নানামুখী চাপ প্রয়োগ করতে হবে।”
বিক্ষোভকারীরা মনে করছেন, এই বিশাল প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কংগ্রেস এবং বুশ প্রশাসনের কাছে “আমেরিকার জনগণ ইরাক যুদ্ধের ঘোরবিরোধী” এরকম একটি বার্তা পাঠাতে সক্ষম হবেন তারা।
