২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১০ পুলিশ নিহত

পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় শনিবার কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের ১০ জনই পুলিশ সদস্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 12:03 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শহরের সবচেয়ে বড় মসজিদ ‘কাসিম আলি খান’ এর পাশে এ হামলায় নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য বলে প্রশাসনিক কর্মকর্তা গুলাম আলি জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ আকরাম খান দুররানি । পুলিশ সুপারিটেন্ডেন্ট গুলাম মোহাম্মদ বলেছেন, “সম্ভবত এটি ছিল একটি আত্মঘাতী হামলা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

মসজিদটি ছিল সুন্নিদের। তবে এর পাশেই শিয়া সম্প্রদায়ের একটি কমিউনিটি সেন্টার ছিল। শিয়া মুসলিমরা একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার এক ঘণ্টা আগে ওই মসজিদ থেকে কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটে। মিছিল থাকায় সেখানে সম্ভাব্য সংঘাত প্রতিরোধে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। এর মধ্যে দুই কর্মকর্তাও রয়েছেন।

রয়টার্সের এক সাংবাদিক জানান, তিনি তিনটি লাশ হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। ওই সময় ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল।

এখন পর্যন্ত কেউ এর দায়িত্বও স্বীকার করেনি। তবে আশুরা উপলক্ষে শিয়া -- সুন্নি দাঙ্গা বাধতে পারে বলে সরকার আগে থেকেই ধারণা করছিল।

রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার একদিন পরেই পেশোয়ারে এ ঘটনা ঘটল। 

গত বছর আশুরার সময় হাঙ্গু প্রদেশে শিয়া মুসলমানদের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হন। এছাড়া ২০০৩ সালে কোয়েটায় ৫৭ জন শিয়াকে হত্যা করা হয়।