২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাখ্যা চাইবে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তাদের মধ্যে অনুষ্ঠেয় আগামী বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা আশা করছে রাশিয়া। মধ্যপ্রাচ্য নিয়ে দুই দেশের আগামী বৈঠকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে শনিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

তিনি বলেন, “ওয়াশিংটনের আগ্রাসী বক্তব্যে কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না।”

তিনি আরও জানান, “তারা (যুক্তরাষ্ট্র) ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে তাদের বক্তব্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ওয়াশিংটনের বৈঠকে আমরা যেসব বিষয় জানতে চাই তার ভেতর একটি হচ্ছে- এ সবের (সামরিক আয়োজন) মানে কি?”

ল্যাভরভ আগামী ২ ফেব্র“য়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত চারদলীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ইসরায়েল--ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া আবারো শুরুর ব্যাপারে আলোচনা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

২০০৩ সালে ইরাক দখলের পর যুক্তরাষ্ট্র সেখানে আরও অতিরিক্ত ২১,৫০০ সেনা পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। ইরাকে বর্তমানে অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা এক লাখ ৩৪ হাজার।

ওয়াশিংটন জানিয়েছে, পারস্য উপসাগরে তারা দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। একইসঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করছে। তাদের এ সামরিক আয়োজনকে ইরান ও সিরিয়ার প্রতি সরাসরি হুমকি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে কুয়েত, কাতার ও বাহরাইনে যুক্তরাষ্ট্র তার পঞ্চম নৌবহরের উপস্থিতি বজায় রেখেছে।

ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্র যদি এককভাবে ইরানের বিরুদ্ধে কোনো অবরোধ আরোপ করে তাহলে হিতে বিপরীত হতে পারে। এতে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি নিরসনে চলমান আলোচনা থেকে তেহরান সরে যেতে পারে।

 তিনি ইরান ও সিরিয়াকে আরও উদার মনোভাব প্রদর্শন করার আহ্বান জানান। বিনিময়ে আঞ্চলিক বিষয়ে আলোচনার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবেও জানান তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে ভারত সফর শেষে ফেরার পর ল্যাভরভ বলেন, “আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি ইরান ও সিরিয়াকে একঘরে করা হবে না, বরং তাদেরকে শান্তি প্রক্রিয়ায় অর্ন্তভুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “সাধারণভাবে মধ্যপ্রাচ্যে বিরাজমান সমস্যার পেছনে দায়ি আত্মমর্যাদার প্রশ্নে উর্বর চিন্তাধারা। কেউ একজন একসময় কিছু একটা বলেছিল, এখন সে সেখান থেকে আর নড়তে চায় না। এখানে নীতি অনড় যা অদূরদর্শী মনোভাবেরই পরিচায়ক।”

পরমাণু সমস্যা নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব ইগর ইভানভ রোববার ইরানের সঙ্গে আলোচনায় বসবেন বলে কথা রয়েছে।