২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাণ ফিরে পেয়েছে ডাব্লিউটিও আলোচনা'

প্রাণ ফিরে পেয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) স্থগিত আলোচনা। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রতিনিধি পিটার ম্যান্ডেলসন বলেছেন সে কথা। শনিবার ডাভোসে বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমঝোতাকারীরা এ সাফল্য পেয়েছেন বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সংশ্লিষ্টদের পারস্পরিক আলোচনা ফলপ্রসু হয়েছে মত দিয়ে ম্যান্ডেলসন রয়টার্সকে বলেন, “ধীরে ধীরে সমঝোতার ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো একাট্টা হয়েছে।”

ডাব্লিউটিও প্রধান প্যাসকাল লামিকে উদ্ধৃত করে এর আগে কুটনীতিবিদরা জানান, বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, সময় হয়েছে গত বছর স্থগিত হয়ে যাওয়া দোহা অধিবেশনের আলোচনা নতুন করে শুরু করার।

ম্যান্ডেলসন বলেন, স্থগিত আলোচনা আবার শুরু করার প্রকাশ্য ঘোষণা দেওয়ার ভারটা লামির ওপরই দিতে চান তিনি।

স্থগিত হয়ে যাওয়া বিশ্ব বাণিজ্য চুক্তি আলোচনা নতুন করে শুরু করার চাপ ছিল রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কাছ থেকে। এই চাপ নিয়েই শনিবার বিশ্বের বাণিজ্যমন্ত্রীরা বৈঠকে বসেন ডাভোসে।

বিশ্ব অর্থনীতির সমৃদ্ধি ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে ২০০১ সালের শেষ দিকে দোহায় বসেছিল ডাব্লিউটিওর বিশেষ অধিবেশন। কিন্তু নানা দীর্ঘসূত্রিতার পর গত বছর জুলাই মাসে তা স্থগিত হয়ে যায়। কারণ ছিল, রাজনৈতিকভাবে স্পর্শকাতর খামারজাত পণ্য, বিশেষ করে গরুর মাংস ও দুগ্ধজাত পণ্য নিয়ে বিতণ্ডা।

সুইস স্কি রিসোর্ট ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডাব্লিউইএফ) সম্মেলনে অংশ নিতে আসা ৩০টিরও বেশি দেশের বাণিজ্যমন্ত্রীরা শনিবার বৈঠকে বসেন। লক্ষ্য, মতবিভেদ থাকার পরও শীর্ষ পর্যায়ের আলোচনা আবার শুরু করা।

বৈঠকে অংশগ্রহণ করা নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ফিল গফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আনুষ্ঠানিক সমঝোতা আবারও শুরু করা সম্ভব। এমন দাবি করবো না যে রাতারাতি একটা কিছু ঘটে যাবে, তবে এটুকু বলতে পারি যে আমরা ঠিক পথেই আছি।”

দোহা অধিবেশনকে ধরা হয় স্মরণকালে বাণিজ্য সম্পর্কিত বিশ্বের সবচেয়ে বড় বৈঠক হিসেবে। সেখানে ১৫০টি সদস্য দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচিত ছিল গরুর মাংস থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির ওপর শুল্ক কমানো এবং টেলিকম ও বীমার মতো সেবামূলক খাতগুলোর জন্য নতুন বাজার খোলা।  একইসঙ্গে গরীব দেশগুলো যাতে আরো বেশি রপ্তানি করতে পারে তার অবকাঠামো তৈরির জন্য কোটি কোটি ডলার বাণিজ্যিক সাহায্যও ছিল সেই আলোচনাসূচিতে।

ডাভোসে ডাব্লিউইএফের বার্ষিক সম্মেলনে উপস্থিত রাজনৈতিক নেতারা শুক্রবার জানিয়েছেন, একটি সমঝোতাপূর্ণ চুক্তির জন্য সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।

মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, “আমার মনে হয় অনেক বড় কিছু পাওয়ার আশায় সবাই এখন ছাড় দিতে তৈরি।”

তিনি আশাবাদ জানান যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি--এইট এর যুগপত প্রধান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে কথাবার্তার পর আলোচনা আবার শুরু হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা বলেন, চুক্তি হলে বোঝা যাবে যে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে ধনী দেশগুলো আগ্রহী এবং এর সুবাদেই বেশ কিছু অঞ্চলে শান্তি ফিরে আসবে।

বিশ্বজুড়ে ব্যবসায়িক দলগুলো অনেকদিন ধরেই সংশ্লিষ্ট সরকারগুলোকে চাপ দিচ্ছে দ্রুত এই চুক্তি বাস্তবায়নের জন্য। খামারজাত পণ্যে যুক্তরাষ্ট্র কতখানি ভর্তুকি কমাবে এবং একইধরনের পণ্যে ইইউ কতখানি শুল্ক কমাবে সেই বিতর্কেই গত জুুলাই স্থগিত হয়ে যায় দোহা অধিবেশন।

ইইউ ও যুক্তরাষ্ট্র অবশ্য ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে তাদের অর্থনীতি আরো ম্ক্তু করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।