ফিলিপাইনে মরো গেরিলা--সেনা সংঘর্ষে নিহত ৬
দক্ষিণ ফিলিপাইনে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে শনিবার। এতে ছয়জন নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনা মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল জুলিয়েটো অ্যান্ডো কোটাবাতো থেকে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এদের তিনজন গেরিলা ও তিনজন সরকারপন্থী আধা সামরিক বাহিনীর সদস্য।
সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “গ্রামের খামারগুলোতে ঢুকে পড়ে কৃষকদের ফসল লুট করে নিতে চাইলে গেরিলাদের একটি দলকে তাড়া করে সেনাবাহিনী। এরপর সংঘর্ষ শুরু হয়।”
তবে শান্তি প্রক্রিয়ায় এমআইএলএফের প্রধান মধ্যস্থতাকারী মোহাক্কের ইকবাল জানান, “স্থানীয় মুসলিম বাসিন্দাদের সঙ্গে খ্রিস্টান বসতি স্থাপনকারীদের জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।”
গেরিলারা দাবি করে, সেনারা বিভিন্ন গেরিলা আস্তানায় মর্টার হামলা চালায়ছ এবং বিমান থেকে গোলাবর্ষণ করে।
ইকবাল অভিযোগ করেন, সেনারা ওভি--১০ বিমান থেকে নির্বিচারে গোলাবর্ষণ করে এবং গেরিলাদের লক্ষ্য করে ১০০ এমএম হাউটজার শেল ছোড়ে।
তবে তার দলের হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিবরণ দেননি তিনি।
উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক শান্তি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যতো দ্রুত সম্ভব সংঘর্ষ বন্ধ হওয়া দরকার, তা না হলে শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
মিন্দানাও দ্বীপের উত্তর কোটাবাতো প্রদেশের মিদসায়াপ শহরে গেরিলাদের বিরুদ্ধে ওই অভিযান শুরু করে সেনাবাহিনী। মরো গেরিলাদের সঙ্গে সেনা সংঘর্ষের কারণে চলমান শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৩ সাল থেকে দেশটির বৃহত্তম মুসলিম গেরিলা গ্র“প এমআইএলএফ বা মরো গেরিলাদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরু হয়।
