২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে জাতিসংঘের অস্ত্র পরিদর্শন শুরু হচ্ছে

নেপালে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মাওবাদীদের ক্যাম্পগুলোতেও অস্ত্র পরিদর্শন করছে জাতিসংঘ। আগামী সপ্তাহেই এ তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন সংস্থার এক কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নেপালের শান্তি প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করছেন জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত প্রতিনিধি ইয়ান মার্টিন। রয়টার্সকে তিনি বলেন, “ইতোমধ্যেই দুটি স্থানে অস্ত্র পরিদর্শনের কাজ চলছে। আশা করছি, রোববারের মধ্যেই তা শেষ হবে। এরপর পশ্চিমাঞ্চলের তিনটি স্থানে অস্ত্র পরিদর্শনের কাজ শুরু করব। সেখানে শেষ হলে যাব পূর্বাঞ্চলের স্থান দুটিতে।”

মোট সাতটি ক্যাম্পে মাওবাদীদের সমর্পিত অস্ত্রগুলোর ওপর জাতিসংঘ কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে। তবে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

নেপালে জাতিসংঘ রাষ্ট্রদূত জেমস মরিয়াত্রি গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, মাওবাদীরা নিজেদের আধুনিক অস্ত্রগুলো লুকিয়ে রেখে সমর্পণের জন্য ভারতের বিহার থেকে হাতে তৈরি অস্ত্র কেনার চেষ্টা চালাচ্ছে।

তখন অবশ্য সরকার ও মাওবাদী উভয় তরফ থেকেই অভিযোগটি অস্বীকার করা হয়।

এদিকে মাওবাদীদের তালিকা তৈরির কাজ চরছে ধীর গতিতে। মাওবাদীরা বলছে, তাদের মোট যোদ্ধার সংখ্যা ৩৫ হাজার। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যোদ্ধার সংখ্যা এতো নয়। সংখ্যা বাড়ানোর জন্য মাওবাদীরা শেষের দিকে শিশুদের দলে অন্তর্ভুক্ত হতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে।  তালিকা তৈরির কাজে যুক্ত মাওবাদী নেতা পসাং বলেন, “প্রতিদিন আমরা মাত্র ৯০০ থেকে ১০০০ জনকে তালিকাভুক্ত করতে পারছি। এ গতিতে কাজ চললে তা শেষ হতে আরো তিন সপ্তাহ কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে।”