'মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক হুমকি'
অর্থনীতির সাম্প্রতিক ধারা অব্যাহত থাকলে সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি। বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এজন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে।”
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট জ্যঁ--ক্লদ ত্রিশে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে শনিবার এ সতর্কবাণী উচ্চারণ করেন।
তিনি বলেন, “আমাদের ধারণা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো অত্যন্ত দায়িত্বশীলভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা যথেষ্ট বিশ্বাসযোগ্যতাও অর্জন করেছে। কিন্তু এরপরও আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেননা, মুদ্রাস্ফীতি সারা বিশ্বের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে।”
দোহা রাউন্ডের বাণিজ্য আলোচনার ব্যর্থতা, তেলের মূল্যের কাঙ্খিত পরিবর্তন এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতাকে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় না আনতে পারায় বিশ্ব ফোরামের ব্যর্থতার বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন ইসিবি প্রেসিডেন্ট ত্রিশে।
তিনি বলেন, “বাণিজ্য প্রশ্নে আলোচনায় আমরা মোটেও অনমনীয় নই। আমরা খোলা মনে আলোচনায় রাজি। এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্ত অবশ্যই আমরা চাই দোহা আলোচনা সফল হোক।”
বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তেল সবসময়ই বিপজ্জনক ইস্যু বলে সতর্ক করেন ত্রিশে।
ইউরোপের অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যতোটা আশা করা হয়েছিল তারচেয়ে ভাল অগ্রগতি হয়েছে ইউরোপীয় অঞ্চলের অর্থনীতিতে। তবুও ইউরোপে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান তিনি।
