আবারও উত্তাল নেপাল
এক পক্ষ বলছে, এটা বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। অপরদিকে সরকারি অভিমত, এটা প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত। আরেক দল উদ্বিগ্ন, এই পরিস্থিতিকে সেনাশাসনের প্রেক্ষাপট ভেবে।
সব মিলিয়ে আবারও উত্তাল নেপাল। হিমালয়ের কোল ঘেঁষা দেশটির সমতলভূমি তেরাইয়ে খেপে উঠেছে সংখ্যালঘু মাধেসিরা। গত কদিন ধরে সেখানে চলছে দাঙ্গা--হাঙ্গামা--গুলি--কারফিউ। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে রাস্তায় গাড়ির চাকা জ্বালায় এবং পুলিশ চৌকি আক্রমণ করে।
এই অস্থিতিশীলতা আরো ব্যাপ্তি পাবে বলেই আশঙ্কা। আর এমন একটা সময় সঙ্কটটা শুরু হলো, যখন দীর্ঘ একযুগের সংঘাত ভুলে নেপালি সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে মাওবাদী গেরিলারা।
গড়পড়তা নেপালিদের চেয়ে আকারে ও প্রকারে একেবারেই আলাদা মাধেসিরা। ভাষাগত, পোষাক ও সাংস্কৃতিক নৈকট্য তাদের বরং সীমান্তের ওপারের ভারতের সঙ্গেই বেশি। সেই বিভেদটা সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ছড়িয়ে গেছে বলেই অধিকার পেতে সহিংস বিক্ষোভের পথ বেছে নিয়েছে তারা।
মাধেসিদের দাবি, জাতিগতভাবে তাদের স্বীকৃতি দিতে হবে। দিতে হবে প্রশাসনেও সমান সুযোগও। সরকার, সেনাবাহিনী, পুলিশ এবং আইন বিভাগ ও রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ পর্যায়ে তারা ভীষণভাবে উপেক্ষিত রয়ে গেছে। আর সে অধিকার আদায়েই এবার মাঠে নেমেছে তারা।
গত দশদিন ধরে সে প্রতিবাদের অনুষঙ্গ হিসেবে এসেছে পুলিশের গুলিবর্ষণ, দাঙ্গা, রাজনীতিবিদদের বাসভবনে আগুন লাগানো এবং পরিস্থিতি সামলাতে বড় শহরগুলোয় কর্তৃপক্ষের কারফিউ জারি। নেপালের আড়াই কোটি জনসংখ্যার অর্ধেকের নিবাস তেরাই এখন জ্বলছে।
শনিবার পর্যন্ত তেরাইয়ে কারফিউ চলছিল।
শিগগিরই এর সুরাহা না হলে আরো বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি সেনা অভ্যুথানেরও।
এদের একজন সি কে লাল বলেন, “সরকার যদি দ্রুত সাড়া না দেয়, তাহলে মাওবাদীদের সঙ্গে সংঘাতের চেয়ে বড় সমস্যায় জড়াতে হতে পারে তাদের। সংঘাত বাড়তেই থাকলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। কারণ, দেশ উচ্ছন্নে যাক- চাইবে না তারা। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এর ফলে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে।”
নেপালের শান্তি প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করা জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত প্রতিনিধি ইয়ান মার্টিনও বেশ হতাশ এই সাম্প্রতিক সংঘাতে। তার মতে, এই অবস্থা চলতে থাকলে মাওবাদীদের দাবি মেনে রাজতন্ত্রের ভাগ্য নির্ধারণ এবং নতুন একটি সংবিধান রচনার জন্য বিশেষ পার্লামেন্টের নির্বাচন প্রক্রিয়া আরো পিছিয়ে যাবে।
এমনিতে নেপালে বড় ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস নেই। কিন্তু স্থানীয় নেতারা সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
এদিকে সরকার এই বিক্ষোভকে মানছে প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত বলে। তবে তারা সমঝোতার লক্ষ্যে আলোচনার জন্যও তৈরি বলে জানিয়েছে।
প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা যেমন বলেছেন, “আমাদের উচিত হবে আলোচনার মাধ্যমে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান করা। নয়তো প্রতিক্রিয়াশীল শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে।”
