ফিলিপাইনে মরো মুসলিম গেরিলা--সেনা সংঘর্ষ
দক্ষিণ ফিলিপাইনে মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে শনিবার।
সেনারা বিভিন্ন গেরিলা আস্তানায় মর্টার হামলা চালাচ্ছে এবং বিমান থেকে গোলাবর্ষণ করছে বলেও দাবি করেছে গেরিলারা। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
মিন্দানাও দ্বীপের উত্তর কোটাবাতো প্রদেশের মিদসায়াপ শহরে গেরিলাদের বিরুদ্ধে ওই অভিযান শুরু করে সেনাবাহিনী। মরো গেরিলাদের সঙ্গে সেনা সংঘর্ষের কারণে চলমান শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৩ সাল থেকে দেশটির বৃহত্তম মুসলিম গেরিলা গ্র“প এমআইএলএফ বা মরো গেরিলাদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরু হয়।
শান্তি প্রক্রিয়ায় এমআইএলএফের প্রধান মধ্যস্থতাকারী মোহাককের ইকবাল জানান, “স্থানীয় মুসলিম বাসিন্দাদের সঙ্গে খ্রিস্টান বসতি স্থাপনকারীদের জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।”
ইকবাল দাবি করেন, “সেনারা ওভি--১০ বিমান থেকে নির্বিচারে গোলাবর্ষণ করছে এবং গেরিলাদের লক্ষ্য করে ১০০ এমএম হাউটজার শেল ছুড়ছে।”
তবে তার দলের হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিবরণ দেননি তিনি।
উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক শান্তি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যতো দ্রুত সম্ভব সংঘর্ষ বন্ধ হওয়া দরকার, তা না হলে শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
অন্যদিকে সেনা মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল জুলিয়েটো অ্যান্ডো বলেছেন, “গ্রামের খামারগুলোতে ঢুকে পড়ে কৃষকদের ফসল লুট করে নিতে চাইলে গেরিলাদের একটি দলকে তাড়া করে সেনাবাহিনী। এরপর সংঘর্ষ শুরু হয়।”
তবে তিনিও কোনো পক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি।
