ইহুদি নিধনযজ্ঞ নিয়ে সংশয়ের বিরুদ্ধে জাতিসংঘে আনা মার্কিন প্রস্তাব গৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধনযজ্ঞ নিয়ে সংশয় প্রকাশের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিলটি পাস হয়।
এদিকে, প্রস্তাবটিকে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অনৈতিক অভিযান পরিচালনার পক্ষে একটি ‘রাজনৈতিক হাতিয়ার’ বলে মন্তব্য করেছে ইরান।
ইউরোপসহ বিভিন্ন দেশের বক্তাদের অংশগ্রহণে ইরানের ইহুদি নিধনযজ্ঞ সম্মেলন আয়োজনের পরিপ্রেক্ষিতেই জাতিসংঘে মঙ্গলবার ওই প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র।
সাধারণ পরিষদের ১৯২টি দেশের মধ্যে ১০০ এরও বেশি দেশ বিলটির পক্ষে ভোট দিয়েছে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি রুয়ান্ডা, ব্রাজিল, মেক্সিকো ও আর্জেন্টিনাও এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
বলিভিয়া, চিলি ও কলম্বিয়াসহ ২২টি সদস্য দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
এছাড়া সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুদান, সিরিয়া, তাজিকিস্তান, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটিতে সমর্থন বা বিরোধিতা করা থেকে বিরত রয়েছে।
এদিকে, সাধারণ পরিষদে ইরানি দূত হোসেইন ঘারিবি বলেন, “এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হলো, কোনো ধরনের গণহত্যাই সমর্থনযোগ্য নয়। কেউ বা কোন দেশ, বিশেষ করে ইসরায়েল যদি অতীতের গণহত্যার সুযোগ নিয়ে ফিলিস্তিনের ওপর নতুন করে গণহত্যা চালায় তাও সমর্থন করা যায় না।”
এর প্রত্যুত্তরে মার্কিন প্রতিনিধি আলেজান্দ্রো উলফ বলেন, “ইরানকে সমর্থন করার কেউ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করে ইরান এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সত্যি বিষয়টা লজ্জাজনক।”
উল্লেখ্য, মার্কিন ওই প্রস্তাবটিতে সরাসরি ইরানের নাম উল্লে¬খ করা না হলেও বলা হয়েছিল, “একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ইহুদি নিধনযজ্ঞের আংশিক বা পূর্ণাঙ্গ কোনো ধরনের অস্বীকৃতি কিংবা সে লক্ষ্যে যেকোনো তৎপরতা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
