রাজ পরিবারের ফোনে আড়িপাতায় দায়ে ব্রিটিশ সাংবাদিকের জেল
রাজপরিবারের ফোনে আড়িপাতার ফল হাতে হাতেই পেলেন ব্রিটিশ সাংবাদিক ক্লাইভ গুডম্যান। এ জন্য শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি আদালত চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে যুক্তরাজ্যের বহুল প্রচারিত পত্রিকা নিউজ অফ দি ওয়ার্ল্ডের এ সাংবাদিককে।
ঊনপঞ্চাশ বছর বয়সী গুডম্যান ছিলেন পত্রিকার রাজপরিবার বিষয়ক সম্পাদক। আদালতের রায়ে তার সহযোগী গ্লেন মুলকেয়ারেরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গত নভেম্বরে দুজনেই রাজপরিবারের ফোনে আড়িপাতার অভিযোগ স্বীকার করেন। এ জন্য যুবরাজচ চার্লস ও তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির কাছে ক্ষমাও চান তারা। মূলত সাড়া জাগানো প্রতিবেদন তৈরির জন্যই এ কাজে প্ররোচিত হয়েছিলেন গুডম্যান ও বেসরকারি গোয়েন্দা মুলকেয়ার।
শুক্রবারের রায় ঘোষণার সময় বিচারক গ্রস বলেন, “যে বিষয়টি ঘটেছে তা কখনোই মুক্ত সাংবাদিকতার নজির হতে পারে না। এটা এক ধরনের দুর্নীতি, ফলে অপরাধও। রাজপরিবার ব্রিটেনের ঐতিহ্যের প্রতীক। আর অভিযুক্তরা সে পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে অবৈধ চেষ্টা চালিয়েছে।”
রাজপরিবারের সদস্যদের মোবাইল ফোনে আড়িপাতা হচ্ছে- যুবরাজ চার্লসের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছ থেকে এমন অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ গুডমানকে আটক করে। গত আগস্টে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হলে তাকে বরখাস্ত করে নিউজ অফ দি ওয়ার্ল্ড পত্রিকা।
এদিকে আদালতের রায়ের পর পত্রিকা সম্পাদক অ্যান্ডি কুলসনও পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ওই ঘটনার দায়ভার আমার ওপরও বর্তায়। তারা যে কাজটি করেছে তা অবশ্যই নিন্দনীয়।”
তবে রায়ের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পত্রিকা সম্পাদকদের ফোরাম ‘সোসাইটি অফ এডিটরস’ এর প্রেসিডেন্ট পল হোরকস বলেন, “সারাবিশ্বেই এমনটা ঘটছে আমরা তা মনে করি না। কারণ বিচ্ছিন্ন একটি ঘটনা কখনোই উদাহরণ হতে পারে না। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত গোপনীয়তা থাকলেও সাংবাদিকরা কখনোই সাধারণ মানুষের ক্ষেত্রে তা প্রকাশে আগ্রহী হয় না।”
