২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমারই: বুশ

‘যে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমারই আছে’- ইরাক পরিকল্পনার ব্যাপারে কংগ্রেসের সমালোচনা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শুক্রবার একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 01:39 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

একইসঙ্গে তিনি ইরাকে অবস্থানরত মার্কিন বা ইরাকী সেনাদের ওপর হামলার ব্যাপারে ইরানিদের সতর্ক করে দিয়েছেন।

আমেরিকান জনগণ এবং কংগ্রেস প্রথম থেকেই ইরাকে আরো ২১,৫০০ সেনা পাঠানোর ব্যাপারে বুশের পরিকল্পনার সমালোচনা করে আসছে।

এদিকে প্রতিনিধি পরিষদ এবং সিনেট বুশের এ সিদ্ধান্তের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে পরিকল্পনা করছে সে বিষয়ে বুশ সাংবাদিকদের বলেন, তার অধিকার রয়েছে নিজের পরিকল্পনামত কাজ করার।

তিনি বলেন, “কংগ্রেসের একটি বিষয় আমি লক্ষ করে দেখেছি যে ইরাক যুদ্ধ ব্যর্থ হলে আমেরিকার ওপর তার ভয়াবহ প্রভাব পড়বে- অধিকাংশ ব্যক্তি এ আশঙ্কা করছে। আর এ মুহূর্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমারই আছে।”

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনাকারী ইরানিদের গ্রেপ্তার বা হত্যার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের- দি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এমন প্রতিবেদন অস্বীকার করেননি বুশ ও তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বুশ বলেন, “এ কথার অর্থ হল, কেউ যদি আমাদের সেনাবাহিনীর ক্ষতি করতে বা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে চায় অথবা ইরাকের নিরীহ জনগণকে হত্যা করে তাহলে আমরা তাদের থামিয়ে দেব।”