গাজায় সংঘর্ষে ১৫ ফিলিস্তিনি নিহত
গাজায় শুক্রবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ১৫ এ দাঁড়িয়েছে। ফাতাহ ও হামাসের মধ্যে ওই সংঘর্ষে দুই বছরের একটি শিশুও নিহত হয়। এদিকে ফাতাহ সমর্থক একটি গ্র“প দাবি করেছে, তারা ২৪ জন হামাস সদস্যকে আটক করেছে।
গত বছর হামাস ক্ষমতায় আসার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। নির্বাচনে জয়লাভের বর্ষপূর্তিতে হামাস বিজয় শোভাযাত্রা বের করে। আর এ থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিবদমান দুই গ্র“পে।
উত্তর গাজার জাবালিয়ায় ফাতাহ নেতা মনসুর সালেহর বাড়িতে হামলা চালায় হামাস। হামাসের অভিযোগ, মনসুর তাদের এক সদস্যকে লক্ষ করে গুলি চালিয়েছিলেন। শুক্রবারের পর থেকে মনসুরের খবর পাওয়া যাচ্ছে না।
ফাতাহ সমর্থিত আল আকসা ব্রিগেড ২৪ হামাস সমর্থককে আটকের দাবি করে ঘোষণা দেয়, মনসুরের কিছু হলে তারাও এদের ছাড়বে না। পরে অবশ্য নয় জনকে ছেড়ে দেওয়া হয়। তবে বাকিরা এখনো আটক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাজার রাস্তায় রাস্তায় হামাস ও ফাতাহর সশস্ত্র কর্মীরা অবস্থান নিয়ে আছে। ফাতাহ গ্র“পের সদর দফতরে দুটো রকেট হামলা হয় বলেও তারা জানান।
সংঘর্ষে নিহতদের মধ্যে আট জন হামাস সমর্থক বলে জানা গেছে। বাকিদের এক জন আল আকসা ব্রিগেড সদস্য এবং এক শিশুসহ ছয় জন সাধারণ জনতা।
ফাতাহ গ্র“প সংঘর্ষের জন্য হামাসকে দায়ী করেছে। তাদের মুখপাত্র তৌফিক আবু বলেন, “হামাস বিনা উস্কানিতেই সংঘাত বাধিয়ে ফাতাহ সমর্থকদের খুন করছে।”
অপরদিকে কর্মী হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস।
গাজায় সহিংসতা অব্যাহত থাকার কারণে কয়েক দফায় ভেঙ্গে যায় হামাস -- ফাতাহ শান্তি আলোচনা। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে একটি জাতীয় ঐক্য সরকার গঠনে ব্যর্থ হচ্ছে ফিলিস্তিনিরা।
