জাপানের প্রতিরক্ষামন্ত্রীর মুখে আবারও যুক্তরাষ্ট্রের সমালোচনা
আবারও যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর হয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিউমা। সে দেশে মার্কিন ঘাঁটি স্থানান্তরে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধেই তার এবারের সমালোচনা।
কয়েকদিন আগেই ইরাক যুদ্ধ শুরু করাটাকে ভুল বলে বর্ণনা করে ওয়াশিংটনের বিরাগভাজন হন ফুমিও।
বার্তা সংস্থা কিয়োদো রোববার জানায়, জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন ফুমিও। নাগাসাকিতে এক ভাষণে তিনি বলেন, “বিষয়টিতে ওকিনাওয়ার গভর্নরের মতামতের যে প্রয়োজন রয়েছে, ওয়াশিংটন তা বুঝতে চাচ্ছে না।”
ইরাক নিয়ে ফুমিওর মন্তব্যে বেশ উষ্মা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের জাপান বিষয়ক অফিসের পরিচালক জেমস জুমওয়াল্ট সতর্ক করে দিয়ে বলেন, এ“ রকম আর কোনো মন্তব্য করা হলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তা প্রভাব ফেলবে। ফলে উভয় দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে পরবর্তী বৈঠক নাও হতে পারে।”
হুমকির পর সুর অনেকটাই নরম করে ফেলেন ফুমিও। শুক্রবার তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যায় বলেন, “আমি আসলে ওভাবে বলতে চাইনি, অনুবাদে ভুল হয়ে থাকতে পারে। আমি বলতে চেয়েছি, ইরাক অভিযান শুরুর সময় ধারণা করা হয়েছিল দেশটির পরমাণু অস্ত্র রয়েছে। ওই ধারণাটি ভুল ছিল।”
