জি-- ৮ এ চীন ও ভারতকে নেওয়ার সুপারিশ ব্লেয়ারের
বিশ্বের উন্নত দেশগুলোর ফোরাম জি-- ৮ এ চীন ও ভারতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের এক সভায় শুক্রবার টনি ব্লেয়ার বলেন, বিশ্ব অর্থনীতিতে প্রভাব অটুট রাখতে চীন ও ভারতের মতো উদীয়মান শক্তিকে জি-- ৮ এ প্রয়োজন।
ব্লেয়ার বলেন, “ভারত এবং চীনকে অন্তর্ভুক্ত না করলে জি-- ৮ এর গুরুত্ব অনেকখানিই ম্লান হয়ে যাবে, তাই এর কিছু কাঠামোগত সংস্কার করতে হবে।”
এদিকে, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল জানিয়েছেন, জি-- ৮ এর সদস্য করার জন্য ‘নতুন শক্তি’ হিসেবে পরিচিত দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
জি-- ৮ এর বর্তমান প্রেসিডেন্ট মার্কেল বলেন, “ব্রাজিল, চীন এবং ভারতের মতো ‘উদীয়মান শক্তি’ হিসেবে পরিচিত দেশগুলোর অন্তর্ভুক্তির জন্য জুনে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন ধরনের সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনা চালানো হবে।”
এ লক্ষ্যে ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকাকে জি-- ৮ এর আগামী সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে জার্মানি।
জি-- ৮ এর বর্তমান সদস্যদেশগুলো হচ্ছে, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
