ইরাক সফরে পেলোসি
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এখন ইরাকে। শুক্রবার বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী নূরি-আল-মালিকি এবং অন্যান্য শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রেসিডেন্ট বুশের ইরাক নীতির এ কড়া সমালোচক।
ইরাকে মার্কিন সেনাদের সাহসিকতা প্রত্যক্ষ করা এবং তাদের প্রশংসা জানানোই এই সফরের উদ্দেশ্য বলে উল্লেখ করেন পেলোসি। যুদ্ধরত সেনাদের দেশপ্রেম এবং আত্মত্যাগেরও প্রশংসা করেন তিনি।
তিনি জানান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডেমোক্রেট নেতা জন মার্থা।
ইরাকে নতুন করে আরো ২১ হাজার ৫০০ সৈন্য মোতায়েনের তীব্র বিরোধিতা করে আসছেন পেলোসি। তার অভিযোগ, “মার্কিন সেনাদের জীবন নিয়ে খেলছেন বুশ।”
